ইউক্রেইনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া: নেটো
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চালানোর ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছে নেটো।
তবে কিয়েভ বলছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সবচেয়ে বড় শহর দোনেস্ক পুনরর্দখলের চূড়ান্ত পর্যায়ে আছে সেনাবাহিনী।
এ শহরটি দখলের লড়াই রুশপন্থিদের সঙ্গে ইউক্রেইন বাহিনীর লড়াইয়ের চূড়ান্ত মোড় পরিবর্তন করে দিতে পারে।
নেটো বলছে, ইউক্রেইনে স্থল আগ্রাসন চালানোর জন্য সীমান্তে অবস্থান নিয়েছে প্রায় ২০ হাজার সেনা। এর মধ্যেও দোনেস্ক দখলের লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ইউক্রেইন বাহিনী।
কিয়েভ সম্প্রতি কয়েকদিনে বলেছে, মানবিক ত্রাণ সহায়তার নাম করে রুশপন্থি বিদ্রোহীদের রক্ষায় রাশিয়ার স্থল আগ্রাসন ঠেকাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সফল হয়েছে তারা।
মস্কো গত শুক্রবার ওই এলাকায় সামরিক মহড়া শেষের ঘোষণা দিয়েছে।
তবে নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন বলেছেন, রাশিয়া সীমান্তের সম্মুখসারিতে যে সেনা মোতায়েন করেছে তা প্রত্যাহার করে নেয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
এ সেনা সমাবেশের ব্যাপারে গত সপ্তাহে পশ্চিমারা সতর্ক করে বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেইনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছেন।
