২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধ বন্ধে নতুন আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন

গাজায় মাসব্যাপী যুদ্ধ বন্ধে মিশরের মধ্যস্থতায় নতুন করে পরোক্ষো আলোচনা শুরু করেছে ইসরায়েল-ফিলিস্তিন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Aug 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

গাজায় নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে আরো আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছিল।

হামাস গাজায় ইসরায়েল এবং মিশরের অবরোধ উঠিয়ে নেয়া এবং একটি সমুদ্রবন্দর চালু করে দেয়ার দাবি জানাচ্ছে। ফিলিস্তিনের সঙ্গে ভবিষ্যতে একটি স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনাতেই কেবল এ বিষয়টি নিয়ে কথা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল।

ওদিকে, হামাসের মুখপাত্র সমি আবু জহুরি বলেছেন, “নতুন আলোচনাই একটি চুক্তিতে পৌঁছার সর্বশেষ সুযোগ”।

গাজা থেকে চালানো রকেট হামলা বন্ধ করার কথা বলে ৮ জুলাই থেকে ভূখণ্ডটিতে বিমান হামলার মাধ্যমে অভিযান শুরু করে ইসরায়েল। পরে হামলা সর্বাত্মক রূপ নেয়।

একমাসেরও বেশি সময় ধরে চলা এ লড়াইয়ে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়।

নিহতদের মধ্যে ১৯৩৫ জন ফিলিস্তিনি বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে অন্ততপক্ষে ১৪০৮ জন বেসামরিক, যাদের মধ্যে ৪৫২ জন শিশু ও ২৩৫ জন নারী রয়েছেন।

অপরদিকে ইসরায়েলি পক্ষে ৬৭ জন নিহত হয়েছেন যাদের ৬৪ জন সেনা সদস্য, বাকী তিনজন বেসামরিক যাদের মধ্যে একজন থাই নাগরিক রয়েছেন।