২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫শ’ ইয়াজিদিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা

ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৫শ’ সদস্যকে হত্যা করেছে। নারী ও শিশুসহ কয়েকজনকে জীবীত কবর দিয়েছে তারা। ধরে নিয়ে গেছে ৩০০ নারীকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 10:36 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ইরাক সরকারের মানবাধিকার মন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি রোববার একথা বলেছেন।

সুন্নি জঙ্গিদের তৎপরতা সম্পর্কে গণমাধ্যমে এক টেলিফোন সাক্ষাৎকারে প্রথম মন্তব্যে তিনি বলেন, “মৃত্যুমুখ থেকে বেঁচে যাওয়া এবং এলাকা ছেড়ে পালানো ইয়াজিদিদের কাছ থেকে আমরা উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছি। তাছাড়া, অপরাধ এলাকার কিছু ছবিতেও এটি স্পষ্ট দেখা গেছে যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিনজার দখলের পর অন্তত ৫শ’ ইয়াজিদিকে হত্যা করেছে”।

সিনজার এলাকাটি ইয়াজিদি সম্প্রদায় অধ্যুষ্যিত আদি এলাকা। সুন্নি জঙ্গিরা এ সম্প্রদায়কে ‘শয়তানের উপাসক’ হিসাবেই দেখে। একারণে তারা এ সম্প্রদায়ের মানুষদেরকে হয় ইসলাম ধর্ম গ্রহণ করা নয়ত মৃত্যুবরণ করে নেয়ার আলটিমেটাম দিয়েছে।

এ আলটিমেটামের সময় শেষ হয়েছে রোববার মধ্যদুপুরে। প্রায় ৩শ’ পরিবারকে এ আলটিমেটাম দিয়েছিল জঙ্গিরা। তবে মন্ত্রী সুদানি এসব পরিবারেরই এমন হতভাগ্য বরণ করার কথা বলেছেন নাকি অন্যদের কথা বলেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

তিনি বলেন, “সিনজার ও এর আশেপাশের অঞ্চলের গণকবরে নারী ও শিশুসহ অনেককেই জীবন্ত কবর দেয়া হয়”।