২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে তার সোনার শার্ট!

জেমস বন্ডের শত্রুর সোনার পিস্তল ছিল, কিন্তু সোনার শার্ট? এ চিন্তা হয়তো জেমস বন্ড সিরিজের নির্মাতাদের মাথায়ও আসেনি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

তাদের মাথায় না আসলেও স্কুল থেকে ঝরে পড়া ভারতীয় এক ব্যবসায়ীর মাথায় কিন্তু ঠিকই এসেছে। নিজে পরার জন্য সোনার শার্ট বানিয়েছেন তিনি।

এই শার্টটির ভর চার কিলোগ্রাম এবং মূল্য দেড় কোটি রুপি।

বিলাসি এই ব্যবসায়ীর নাম পঙ্কজ পরখ। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাশিক জেলার ইয়োলা পৌরসভার একজন নির্বাচিত সদস্য।

শুক্রবার নিজের ৪৫তম জন্মদিনের অনুষ্ঠানে পঙ্কজ বিশেষ এই শার্টটি পরবেন। এ অনুষ্ঠানে ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনপিসি) নেতা ও মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী ছাগান ভুজবলসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

সাতটি সোনার বোতাম আটা শার্টটি পরে পঙ্কজ গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক রেকর্ডসে ঠাঁই পাবেন বলে আশা করছেন।

৮৫ কিলোমিটার দূরের জেলা শহর নাশিকের বাফনা জুয়েলার্স থেকে শার্টটির ডিজাইন করিয়েছেন তিনি। মুম্বাইয়ের পারেল এলাকার শান্তি জুয়েলার্স শার্টটি তৈরি করেছে।

২০ জন বাছাই করা কারিগর দুই মাসে ৩২০০ ঘন্টা কাজ করে শার্টটি সেলাই করেছেন।

মুম্বাই থেকে শার্টটি ডেলিভারি নেয়ার পর তিনি এটি পরে শহরটির সিদ্ধিবিনায়ক মন্দিরে যান। এখানে কৌতূহলী লোকজন দূর থেকে তাকে দেখে এবং ছবি তোলার জন্য মন্দিরটির সামনে তিনি কিছুক্ষণ দাঁড়ান বলে জানা গেছে।