যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা
পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক অবরোধের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স বলছে, পুতিনের নির্দেশে কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।
এই নিষেধাজ্ঞার ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে খাদ্য এবং কৃষিপণ্য আমদানি করা যাবে না।
অবশ্য এই নিষেধাজ্ঞার ফলে দেশটির জনগণের যে অংশ আমদানিকৃত কমমূল্যের খাদ্যপণ্য কিনতে পারতো তারা সমস্যায় পড়তে পারেন।
অপরদিকে, ইউরোপের কৃষকদের কাছে রাশিয়া একটি বড় বাজার। ইউরোপের ফল ও সবজি ক্রয়ে রাশিয়া অন্যতম শীর্ষ রাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের মুরগির মাংস ও সংশ্লিষ্ট খাদ্যপণ্যের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা রাশিয়া।
ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ২৯ জুলাই একসঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পুতিনও পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপকারী এসব দেশ থেকে পণ্য না কেনার ঘোষণা দেন।
ইউক্রেইন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের অবণতির জেরে বেশ কিছুদিন থেকে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরোপের ঘটনা চলছে। এ বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, পাল্টা নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রি জারি করেছেন।
সম্প্রতি ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত আকাশসীমা থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। আর এজন্য তড়িঘড়ি করে রাশিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
কিন্তু রাশিয়া তা অস্বীকার করলেও এরপরই দেশটির বিরুদ্ধে দ্রুততর করা হয় নিষেধাজ্ঞা।
আর এর পাল্টা জবাবও দিল রাশিয়া।
এরআগে বুধবার ক্রেমলিনের গণমাধ্যম শাখা জানিয়েছে, যেসব দেশ রাশিয়ার ওপর বিভিন্ন রকম অবরোধের ঘোষণা দিয়েছে ওইসব দেশ থেকে কৃষিপণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করে একটি ডিক্রিতে সই করেছেন পুতিন।
রাশিয়ার ওপর অবরোধকারী দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানি নিষিদ্ধ কিংবা আমদানির পরিমাণ কমিয়ে আনার নির্দেশনা রয়েছে।
যেসব পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করার জন্যও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন পুতিন।
রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে ইউক্রেইনের রাজনৈতিক বিভক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর কিয়েভের রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতা ত্যাগ করেন। এর পর থেকেই ইউক্রেইনের ওপর ইউরোপীয় ইউনিয়নের প্রভাব বাড়তে থাকে।
অন্যদিকে পূর্ব ইউক্রেইনে রুশপন্থি নাগরিকরা কেন্দ্রের শাসন থেকে বের হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আন্দোলন শুরু করে, যার ফলে অনেক এলাকায় নিয়ন্ত্রণ হারায় কিয়েভ।
রাশিয়া পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কে দিয়ে, তাদেরকে অস্ত্র ও সেনাবাহিনী দিয়ে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ওই অভিযোগে রাশিয়ার শীর্ষ রাজনীতিক, ব্যবসায়ী, ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর একের পর নিষেধাজ্ঞা দিতে থাকে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন।
