২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিনের পরোক্ষ আলোচনা চলছে

অস্ত্রবিরতির দ্বিতীয় দিনে গাজায় শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে মিশরীয় কূটনীতিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 09:32 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার রাজধানী কায়রোতে ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে বলে বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়।

ফিলিস্তিনের গাজা বসতিতে ইসরায়েলি সেনাদের চার সপ্তাহের অভিযানে ১৯শ’রও বেশি মানুষ নিহত হওয়ার পর সেখানে শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ আলোর মুখ দেখে।

এর আগে কয়েক দফায় অস্ত্রবিরতি করে দুই পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেয়া হলেও চুক্তি ভঙ্গ করে পাল্টাপাল্টি হামলা শুরুর কারণে তা ভেস্তে যায়।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার বরাত দিয়ে রয়টার্স জানায়, মিশরের গোয়েন্দা প্রধান কায়রোতে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির একজন কর্মকর্তার নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা শান্তি আলোচনায় অংশ নিয়েছেন।

মিশরীয় মধ্যস্ততাকারীরা উভয়পক্ষের দাবিগুলো আদানপ্রদানের মাধ্যমে আলোচনা এগিয়ে নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিরাও শান্তি প্রচেষ্টার তদারকি করছেন।

মিশরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ আলোচনা এগিয়ে চলছে। আলোচনার ফলাফল সম্পর্কে এখনও কিছু বলার সময় হয়নি। তবে আমরা ভালো খবরের আশাবাদী।”

গাজা থেকে ইসরায়েল-মিশরের যৌথ অবরোধের অবসানই ফিলিস্তিনিদের প্রধান দাবি। এছাড়া গত জুনে তিন ইসরায়েলি বালককে অপহরণের পর হত্যাকে কেন্দ্রে করে শুরু হওয়া অভিযানে গ্রেপ্তার ফিলিস্তিনিদেরসহ অন্যান্য ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি করছে তারা।

যুদ্ধবিরতি সুযোগকে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনার সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

তিনি বিবিসিকে বলেন, জনগণের চাহিদার দিকে লক্ষ্য রেখে দ্বিপাক্ষিক সমঝোতা এগিয়ে নেয়া উচিত।

বুধবার দিনের শেষ দিকে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তিদূত টনি ব্লেয়ার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী রবার্ট সেরি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিন রাতে ফিলিস্তিনি দাবিগুলোর বিষয়ে ইসরায়েল তাদের মতামত দেবে বলেও মিশরীয় কর্তৃপক্ষ জানায়।

এদিকে যুদ্ধবিরতির সুযোগে নিজ গৃহে ফিরতে শুরু করেছে বিধ্বস্ত গাজার স্বজনহারা বাসিন্দারা। প্রায় এক মাসের ধ্বংসযজ্ঞের পর গাজার অনেক অধিবাসীই সেখানে ইট-বালির সুরকি ছাড়া আর কিছুই দেখতে পায়নি।

শান্তি আলোচনায় ইসরায়েলের মূল দাবি হচ্ছে গাজায় ইসলামপন্থি জঙ্গিদের নিরস্ত্রীকরণ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ বলেন, “গাজার জঙ্গিদের নিরস্ত্রীকরণই ইসরায়েলের মূল লক্ষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিবিসিকে বলেন, গাজা থেকে জঙ্গিদের রকেটের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেয়।

“কোনো দেশই ওই পরিস্থিতিতে সচলভাবে চলতে পারেনা। এসব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে রয়েছে,” বলেন কেরি।

তবে গাজা থেকে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হামাসের দাবি সঙ্গে আছেন কিনা? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “ফিলিস্তিনে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের সমর্থন করে যুক্তরাষ্ট্র। তাদের খাদ্য পাওয়া, সীমান্ত পারাপার, বিধ্বস্ত এলাকাগুলোর পুননির্মাণ সর্বপরি একটা বিস্তৃত স্বাধীনতার পক্ষে তার যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

কেরি বলেন, “দুই দেশের সমাধানের ক্ষেত্রে বড় ও বিস্তৃত আকারে যা প্রয়োজন তা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তার ব্যবস্থা করা এবং ফিলিস্তিনিদের আরো খোলামেলা স্বাধীনতার নিশ্চিত করা।”

জেরুজালেমে বিবিসির সাংবাদিক কেভিন কনলি বলেন, যুদ্ধবিরতির সুযোগে গাজার পাশে দক্ষিণ ইসরায়েলের সড়ক ও রেলপথগুলো চালু হয়েছে। ফিলিস্তিনি রকেট হামলার কারণে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছিল। গাজার দিকেও লোকজন আশ্রয় কেন্দ্রে থেকে তাদের নিজ এলাকায় ফিরতে শুরু করেছে।