৩৬ বছর পর অপহৃত নাতিকে পেলেন নানী
বিশ শতকের সত্তরের দশকে আর্জেন্টিনায় সামরিক শাসন চলাকালে নিহত কমিউনিস্ট আন্দোলনকারীদের নিখোঁজ শিশুসন্তানদের খুঁজে পেতে কাজ করা এক আন্দোলনকারী ৩৬ বছর পর তার নিজের নাতিকে খুঁজে পেয়েছেন।
বুধবার বিবিসি জানিয়েছে, নাতিকে খুঁজে পাওয়া তার ও আর্জেন্টিনার জন্য “ক্ষতিপূরণ” বলে জানিয়েছেন আন্দোলনকারী এস্তেলা দে কার্লোত্ত।
নিজ পরিচয় সম্পর্কে সন্দেহ থাকায় তার নাতি ডিএনএ পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন কার্লোত্ত।
আর্জেন্টিনায় ১৯৭৫-৮৩ পর্যন্ত সামরিক শাসন চলাকালে ৩০ হাজার কমিউনিস্ট আন্দোলকারীকে হত্যা করেছিল সরকারি বাহিনী। কার্লোত্ত’র কন্যা লরা ছিলেন তাদের মধ্যে একজন।
লরাকে যখন সেনাবাহিনী ধরে নিয়ে যায় তখন সে গর্ভবতী ছিল।
জেলখানায় ও টর্চার সেন্টারে সরকার বিরোধীদের গর্ভে জন্ম নেয়া শত শত শিশুকে সামরিক সরকার তাদের জন্মদাত্রীদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের সমর্থকদের হাতে তুলে দিয়েছিল। কমিউনিস্ট পরিবারের মধ্যে এসব শিশু যেন বেড়ে উঠতে না পারে তা নিশ্চিত করাই ছিল তাদের উদ্দেশ্য।
তাদের আন্দোলনের ফলে কার্লোত্তি’র নাতিসহ শিশুকালে ‘অপহৃত’ ১১৪ জন নিজ পরিবারে ফিরে যেতে পেরেছেন বলে জানিয়েছে কার্লোত্তদের সংগঠন ‘দ্য গ্রান্ডমাদার অব প্লাজা দি মায়ো’।
