২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের শিনজিয়াংয়ে বিভিন্ন হামলায় নিহত ১০০

চীনের দূর পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত এলাকা শিনজিয়াংয়ে গত প্রায় এক সপ্তাহজুড়ে বেসামরিক, পুলিশ ও কর্মকর্তাদের ওপর মুখোশ পড়া জঙ্গিদের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Aug 2014, 12:40 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার অস্থিরতা আক্রান্ত শিনজিয়াংয়ের সরকার এ খবর জানিয়েছে।

এটি গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস হামলার ঘটনা।

শিনজিয়াং সরকার জানিয়েছে, ২৮ জুলাই দক্ষিণের শাচি জেলায় “সন্ত্রাসীদের” হামলায় ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৯ “সন্ত্রাসী” নিহত হয়েছেন।

ওই সময় এই ঘটনার একদিন পর কর্তৃপক্ষ শিনজিয়াং অঞ্চলের দুটি শহরে ছুরিধারীদের হামলায় বহু মানুষ নিহত হয়েছিল বলে জানিয়েছিল, কিন্তু বিস্তারিত প্রকাশ করেনি।

এবারই ঘটনার বিস্তারিত প্রকাশ করলো তারা। তবে হতাহতের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে কর্তৃপক্ষ এত সময় কেন নিল তা পরিষ্কার নয়।

কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকায় শিনজিয়াং অঞ্চলে বিদেশী সাংবাদিকদের প্রবেশ সহজসাধ্য নয়। তাই ওই অঞ্চলের খবরগুলোর জন্য প্রায়ই চীনা কর্তৃপক্ষের ওপর নির্ভর করতে হয়।

রোববার ভোরে নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত বিবরণে শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বলেছে, “এগুলো মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এবং এর সঙ্গে অভ্যন্তরীণ ও বিদেশী সন্ত্রাসী সংগঠনগুলোর সম্পর্ক আছে এবং এগুলো অসৎ উদ্দেশ্যে সতর্ক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।”

জঙ্গিরা ইলিশকু শহরে একটি পুলিশ স্টেশন ও একটি সরকারি দপ্তরে হামলা চালায়, এরপর তারা হুয়াঙদি শহরের দিকে এগিয়ে যায়, এখানে বেসামরিক লোকদের ওপর হামলা চালায় ও চলে যাওয়ার আগে গাড়ি ভাঙচুর করে।

এরপর তারা একটি মহাসড়কে যেয়ে অবরোধ বসিয়ে গাড়ি থামায় ও যাত্রীদের ওপর হামলা চালায়।

ঘটনাস্থল থেকে পুলিশ লম্বা ছুরি, কুঠার ও জিহাদের ডাক দেয়া লেখা সম্বলিত ব্যানার উদ্ধার করে।

শিনজিয়াংয়ে তুর্কিভাষী মুসলিম উইগুর সম্প্রদায়ের বসবাস আছে। এই সম্প্রদায়ের উগ্রপন্থী জঙ্গিরা ইস্ট তুর্কিস্তান নামের একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত কয়েক বছর ধরে এলাকাটিতে সহিংসতা ছড়িয়ে আসছে বলে অভিযোগ করেছে চীনা কর্তৃপক্ষ।