বিমান বিধ্বস্ত হয়ে ১৫৪ জন নাগরিক নিহত, নেদারল্যান্ডসে জাতীয় শোক
ইউক্রেইনের আকাশসীমায় মালয়েশীয় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৪ জন নাগরিক নিহতের ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ-১৭ কথিত ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়ে বিধ্বস্ত হলে এর ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন। বিমানের আরোহীদের মধ্যে নেদারল্যান্ডসেরই ১৫৪ জন নাগরিক ছিলেন।
ওই দিনই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট একদিনের জাতীয় শোক ঘোষণা করে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। দিনটিকে নেদারল্যান্ডসের জন্য “কালো দিন” বলে অভিহিত করেছেন তিনি।
১৫৪ জন নাগরিক নিহতের ঘটনাকে তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সম্ভাব্য সবচেয়ে শোচনীয় বিমান দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।
বিধ্বস্ত মালয়েশীয় বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। নেদারল্যান্ডসের নিহত ওই ১৫৪ জন যাত্রীর মধ্যে তিন শিশুও ছিল।
ছুটি বাতিল করে দক্ষিণ জার্মানি থেকে ফিরে আমস্টারডামের স্কেপোল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ডাচ প্রধানমন্ত্রী রাট বলেন, “পুরো নেদারল্যান্ডস শোকে আচ্ছন্ন। সুন্দর এই গ্রীষ্মের দিনটি সম্ভাব্য সবচেয়ে খারাপভাবে শেষ হল।”
মালয়েশীয় এয়ারলাইন্স, ইউরোপের ভাইস প্রেসিডেন্ট হুয়িব গোটার বলেছেন, নিহতদের আত্মীয়স্বজনরা সহায়তা চাইলে তা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং তারা চাইলে তাদের আমস্টারডাম বা কুয়ালালামপুর থেকে ইউক্রেইনের রাজধানী কিয়েভে নিয়ে যাওয়া হবে।
