উগান্ডায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির হামলায় নিহত ৯৩
উগান্ডার পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র-নৃগোষ্ঠির লোকজনের হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ৯৩ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির পুলিশ এ খবর জানিয়েছে।
উগান্ডা পুলিশের মুখপাত্র পলি নামায়ি’র দেয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৫ জুলাই পশ্চিমাঞ্চলীয় কাসেসে, নটোরোকো এবং বুন্ডিবুজিয়ো জেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির লোকজনের চালানো হামলা ও অপরাধমূলক তৎপরতায় ৯৩ জন নিহত হয়েছেন এবং লাখ লাখ শিলিংয়ের আর্থিক ক্ষতি হয়েছে।
পরিস্থিতির মোকাবিলায় উগান্ডা পুলিশের আইজি কালে কায়িহুরা ঘটনাস্থলের রোয়েনজোরি পর্বত এলাকায় শিবির স্থাপন করে অপরাধ তৎপরতা বন্ধ ও দোষিদের গ্রেপ্তার প্রচেষ্টা সমন্বয় করছেন।
ওই তিন জেলায় হামলায় সঙ্গে জড়িত ছিলেন এমন সন্দেহে রওয়েনজুরুরু রাজ্যের কর্মকর্তাসহ ১২২ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
রোয়েনজোরি এলাকায় সাম্প্রতিক হামলায় খোয়া যাওয়া ২০টি আগ্নেয়াস্ত্র ও হামলার সঙ্গে জড়িতদের ধরার জন্য আইজিপি’র নেতৃত্বে ব্যাপক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নামায়ি।
স্থানীয় জনগণের সহায়তায় এ পর্যন্ত ১২টি বন্দুক, একটি রকেট চালিত গ্রেনেড, দুটি সিঙ্গাপুরি অ্যাসল্ট রাইফেল, আটটি একে-৪৭ রাইফেল, কাঁদুনে গ্যাসের নয়টি ক্যানিস্টার ও ১০ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৫ জুলাই একটি ক্ষুদ্র-নৃগোষ্ঠির লোকজন বন্দুক, ছুরি ও বল্লমে সজ্জিত হয়ে বুন্ডিবুজিয়োর কানয়ামিরিমা সেনা ব্যারাকে হামলা চালিয়ে বেসামরিক, সামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও একজন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে হত্যা করে।
