২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু বানাচ্ছে ভারত

হিমালয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু নির্মাণ করছে ভারত।২০১৬ সাল নাগাদ এর কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকৌশলীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 12:14 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, চেনাব নদীর ওপর এ সেতু নির্মাণ করা হচ্ছে। ১,৩১৫ মিটার দীর্ঘ ও ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট)উঁচু এ রেলসেতুটি নির্মিত হবে ২৫ হাজার টন উন্নত মানের স্টিল দিয়ে।

সেতুটি দিল্লির কুতুব মিনারের চেয়ে পাঁচগুণ এবং ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে অন্তত ৩৫ মিটার উঁচু হবে।

‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনের খবর, পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে কাশ্মিরের পার্বত্য এলাকায় চেনাব নদীতে সেতুটির নির্মাণকাজ শেষের পর এটি চালু হলে ভারতের বারামুলা থেকে জম্মু এলাকার যোগাযোগে অর্ধেক সময় বাঁচবে। বর্তমানে ওই দূরত্ব পার হতে ১২ ঘণ্টার মতো সময় লাগলেও সেতু নির্মাণ হলে তা ছয় ঘণ্টায় নেমে আসবে।

চীনের গুইজহু প্রদেশে বেইপানজিয়াং নদীর ওপর স্থাপিত রেলসেতুটিকে বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে ধরা হয়। এর উচ্চতা ২৭৫ মিটার।

ভারতের রেলওয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ডিসেম্বরের দিকে সেতুটির নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

২০০২ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও ওই এলাকায় তীব্র বাতাস ও অন্যান্য দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাজ কয়েক বছর ধরে বন্ধ থাকে। ২০০৮ সালে নির্মাণ স্থগিত হলেও দুই বছর পর তা আবার শুরু হয়।

ভারতের কনকান রেলওয়ে করপোরেশন নির্মাণ কাজের তদারকি করছে। রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ দিচ্ছে ৯২ মিলিয়ন ডলার। তবে মোট ব্যয় কত তা জানা যায়নি।

ইতোমধ্যেই পাহাড়ী ওই নদীর দুইপাশে খাম্বা নির্মাণ শেষ হয়েছে। এর ওপরে বসানো হবে স্টিলের স্থাপনা।