২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খলিফা’কে ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে ইসলামিক রাষ্ট্রের স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে গ্রেপ্তারের জন্য দেয়া তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 02:51 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

তবে ২০১১ সালের অক্টোবর থেকেই বাগদাদিকে ধরার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল বলে এনডিটিভি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “২০১১ সালের অক্টোবর থেকেই বিচার প্রকল্পের আওতায় ওয়েবসাইটে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্তের (আইএসআইএল)নেতা আবু বকর আল-বাগদাদি সম্পর্কে তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেসব তথ্য তার অবস্থান, গ্রেপ্তারে সহায়ক হবে সেসব তথ্যের জন্যেই এই পুরস্কার।”

বাগদাদির নেতৃত্বাধীন আইএসআইএল-এর বিদ্রোহী-জঙ্গিরা চলতি বছরের জুন থেকেই ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করে আসছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবু দাউ নামেও আল-বাগদাদি পরিচিত। ২০১১ সাল থেকে ইরাকে ধারাবাহিক সন্ত্রাসী হামলার দায়িত্ব তিনি স্বীকার করেছেন।

সেই সঙ্গে ২০১৩ সালের জুনে বাগদাদের বাইরে অবস্থিত আবু গারিব কারাগারে হামলা ও অভিযান চালানোর কৃতিত্বও তিনি দাবি করেছেন। ২০১৩ সালের মার্চে ইরাকের আইন বিষয়ক মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলাও তারই নির্দেশে সংঘটিত হয়েছে।

এছাড়াও ইরাকি নিরাপত্তা বাহিনীসহ দেশটির সাধারণ মানুষও তাদের বহু হামলার শিকার হয়েছেন।