২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধী জোটের নয়া প্রেসিডেন্ট হাদি

পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারবিরোধীদের ন্যাশনাল কোয়ালিশন তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে হাদি আল-বাহরাকে নির্বাচিত করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jul 2014, 12:51 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

হাদি আল-বাহরা জেনেভা শান্তি আলোচনায় সংগঠনটির প্রধান প্রতিনিধি।

ইস্তাম্বুলে তিনদিনের বৈঠক শেষে বুধবার সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা প্রকৌশলী বাহরার আগে ছয়মাস মেয়াদী দুই দফা দায়িত্ব পালন করেছেন আহমাদ জারবা।

জারবার মতোই বাহরার সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দু’জনেই সৌদিতে বাস করেন।

বুধবার এই সংগঠনের ফেইসবুক পৃষ্ঠায় বলা হয়, “হাদি আল-বাহরা ৬২ ভোটে কোয়ালিশনের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন।”

যদিও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলো এই কোয়ালিশন বা জোটকেই সিরিয়ার প্রধান বৈধ প্রতিনিধি বলে সহায়তা করে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে, সিরিয়ার অভ্যন্তরে এই জোটের প্রভাব রয়েছে সামান্যই।

সিরিয়ার অভ্যন্তরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপরও তাদের তেমন জোড়ালো নিয়ন্ত্রণ নেই।

সিরিয়ায় তিনবছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আয়োজিত দুই দফা আলোচনা ভেস্তে যায়। কারণ এই জোট (কোয়ালিশন) ও আসাদের প্রতিনিধিরা কার্যকর কোনো অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিলেন।