আফগান নির্বাচনে আবদুল্লাহ’র জয় দাবি
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনির জয় ঘোষণার পরও এ ফল প্রত্যাখ্যান করে নিজের জয় দাবি করেছেন প্রতিপক্ষ প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ।
রাজধানী কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে আবদুল্লাহ আবারো নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন। ভুয়া সরকার কখনোই মেনে নেবেন না বলে জানান তিনি।
“দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে নিঃসন্দেহে আমরাই জয়ী” বলেন আবদুল্লাহ।
আফগান নির্বাচন কমিশন গত ১৪ জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী আশরাফ গনির জয় ঘোষণা করেছে সোমবার।
দেখা গেছে, প্রাথমিক ভোট গণনায় গনি পেয়েছেন ৫৬ দশমিক ৪৪ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৪৩ দশমিক ৫৬ শতাংশ ভোট।
কিন্তু নির্বাচনের এ ফলে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছে আবদুল্লাহ শিবির। দ্বিতীয় দফা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে আবদুল্লাহ বলেছেন, তিনি ভোট জালিয়াতির শিকার হয়েছেন।
তার অভিযোগের ভিত্তিতে সহস্রাধিক কেন্দ্রের ভোট যাচাই করে দেখছে নির্বাচন কমিশন। আফগানিস্তান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ বিদেশি সেনারা চলে যাওয়ার এ গুরুত্বপূর্ণ একটি সময়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে।
এ পরিস্থিতিতে নির্বাচনের ফল নিয়ে এ অচলাবস্থার কারণে দেশটিতে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
