সোমালিয়ায় পার্লামেন্টের কাছে বোমা হামলা
সোমালিয়ার পার্লামেন্ট ভবনের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
সোমালিয়ার পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পার্লামেন্ট ভবনের মূল ফটকের কাছে প্রহরীরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।
শনিবারের ওই হামলা কারা চালিয়েছে পুলিশের পক্ষ থেকে তা জানানো হয়নি। তবে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে অনবরতা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
গত মে মাসে পার্লামেন্ট ভবন লক্ষ্য করে সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। ২০১১ সালে মোগাদিসুর নিয়ন্ত্রণ হারায় আল শাবাব। এর পর থেকেই শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
গত সপ্তাহেও আল শাবাব জঙ্গিরা রাজধানী মোগাদিসুতে গুলি চালিয়ে আহমেদ মোহামুদ হায়েদ নামের এক এমপিকে হত্যা করেছে।
মোগাদিসু পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইদল গণমাধ্যমকে বলেন, পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ধরা পড়ে। এটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন হতাহত হয়।
