ধর্ষণের হুমকি: তাপসকে বহিস্কারের চেষ্টা চলছে
বিরোধীদের শুধু গুলি করে মারা নয়, ছেলেদেরকে দিয়ে তাদের নারী স্বজনদের ধর্ষণ করিয়ে দেয়ার হুমকি দেয়ার পর তৃণমূলের অভিনেতা-সাংসদ তাপস পালকে পার্লামেন্ট থেকে বহিস্কারের চেষ্টা নিয়েছে ভারতের জাতীয় নারী কমিশন (এনসিডব্লিউ)।
মঙ্গলবার ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’ (এনসিডব্লিউ) জানায়, তারা পার্লামেন্ট থেকে তাপসের বহিস্কার চেয়ে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে।
জাতীয় নারী কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, “তাপসের হিংসাত্মক মন্তব্য নারী সমাজকে ক্ষুব্ধ করেছে। তার পার্লামেন্টে থাকার অধিকার নেই। তাপস পালের বহিষ্কার চেয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকারকে লিখছি।”
শর্মা বলেন, পালকে গ্রেপ্তারের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও একটি লিখিত আবেদন করবে এনসিডব্লিউ।
এক সময় সিনেমার পর্দার পরিচিত মুখ তাপস পাল পশ্চিম বঙ্গের নদীয়া জেলায় কৃষ্ণনগর আসন থেকে তৃণমূলের এমপি নির্বাচিত হন। সম্প্রতি নদীয়ার চৌমাহা গ্রামে এক সভায় সিপিআই-এম নেতাকর্মীদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেন তিনি।
গত ১৫ জুন নিজের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগরের অন্তর্গত নাকাশিপাড়ার হরনগর গ্রামে নিহত তৃণমূল কর্মী আসাদুল মণ্ডলের স্মরণসভায় যোগ দিতে যান তাপস। ম্যাটাডরে চেপে সেই সভায় আসার পথে দুর্ঘটনায় আহত হন নাকাশিপাড়ার চৌমাহা গ্রামের কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক। তাই শুনে স্মরণসভা থেকে চৌমাহায় চলে যান তাপস।
সেখানে উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, “আমি প্রচুর মস্তানি করেছি। একটা কেউ বিরোধী যদি মস্তানি করতে আসে, আমাদের ছেলেদের ঢুকিয়ে রেপ করে দেব! এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বের করে গুলি করে মারবে!”
“সিপিআইএম কর্মীরা যদি আমার দলের কোনো কর্মীদের গায়ে হাত তোলার চেষ্টা করে, তবে আমি পিস্তল বের করে গুলি চালাব। আমি সব সময় পিস্তল সঙ্গে রাখি। আমি তাদের পুরো গুষ্ঠী নির্মূল করব। বিরোধীদলকে আমি সতর্ক করছি। তাদের পরিবারের ওপর সাংঘাতিক প্রতিক্রিয়া হবে। আমি আমার ছেলেদেরকে বলব তাদের বাড়ি যেতে। তারা সেখানে ধর্ষণ করে চলে আসবে,” বলেন তাপস।
এ মন্তব্য করে ঘরে বাইরে তোপের মুখে পড়েন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এই এমপি। তার বক্তব্য সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি টিভিতে প্রচার হওয়ার পর বিতর্ক শুরু হয়। স্বামীর বিতর্কিত বক্তব্যের জন্য মঙ্গলবার দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থণা করেছেন তাপস পালের স্ত্রী নন্দিতা পাল।
