চীনে শীর্ষ সামরিক কর্মকর্তা অভিযুক্ত
চীনে এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত করার পর কমিউনিস্ট পার্টি থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্টীয় গণমাধ্যম।
জেনারেল জু চিহু নামের এই কর্মকর্তা একসময় চীনের অভিজাত সিদ্ধান্ত-গ্রহণ পরিষদ, পলিটব্যুরোর সদস্য ছিলেন। এখন কোর্ট মার্শালের জন্য তাকে কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হবে। তাকে কয়েকমাসের জন্য গৃহবন্দি রাখা হয়েছিল বলে ধারণা করা হয়।
চীনে কয়েকবছরের মধ্যে সামরিক বাহিনীতে এটিই সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সিনহুয়া বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীর নিয়মানুবর্তিতা নিয়ে পলিটব্যুরোর একটি বৈঠকে সভাপতিত্ব করে জেনারেল জু কে বহিস্কার করে সামরিক কৌঁসুলিদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জুর ঘটনাটি নিয়ে তদন্তের কথা শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। কিন্তু জু ক্যান্সারের চিকিৎসাধীন- এমন খবরের ভিত্তিতে মনে করা হচ্ছিল তিনি বিচার থেকে রেহাই পাবেন।
শেষ পর্যন্ত চীন সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের আওতায় রাষ্ট্রীয় গণমাধ্যমে জু এর কেলেঙ্কারি প্রকাশ হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হল।
সোমবার চীনের আরো দুই উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে দুর্নীতির কারণে কমিউনিস্ট পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। ২০১২ সালে প্রেসিডেন্ট শি ক্ষমতায় আসার পর থেকে চীনে সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে এ পর্যন্ত হাজার হাজার কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।
