সম্মান রক্ষায় আবারো হত্যা পাকিস্তানে
ভালবেসে বিয়ে করার অপরাধে পাকিস্তানে এক কিশোরী ও তার স্বামীকে সবার সামনে হত্যা করেছে পরিবারের সদস্যরা। পরিবারের সম্মান রক্ষার নামে হত্যার আরেক দৃষ্টান্তমূলক ঘটনা এটি।
পাঞ্জাবের একটি গ্রামে পরিবারের অমতে বিয়ে করায় ১৭ বছর বয়সী ওই কিশোরীর স্বজনরাই নিজ হাতে দুইজনকে হত্যা করে বলে শনিবার জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রানা জশিদ বলেন, পরিবারের লোকজন ওই যুগলকে আশীর্বাদ দেয়ার নাম করে তাদেরকে বাড়িতে ডেকে আনে। এরপর তারা বাড়িতে ঢুকতেই তাদেরকে দড়ি দিয়ে বেঁধে গলা কেটে হত্যা করা হয়। মেয়ের বাবা নিজ হাতে মেয়েকে গলা কেটে হত্যা করে।
‘দ্য টেলিগ্রাফ’ জানায়, ১৭ বছর বয়সী মুয়াফিয়া বিবি ১৮ জুনে বিয়ে করেছিল ৩১ বছর বয়সী সাজ্জাদ আহমেদকে। এ ঘটনায় মেয়ের পরিবার অসম্মানিত বোধ করে ওই ঘটনা ঘটায়।
পরিবারের অন্য শিশুদের সামনেই ঘটানো হয় এ হত্যাকাণ্ড। যাতে পরিবারের অমতে কিছু করার সাহস ভবিষ্যতে তারা আর না করে। ঘটনার পর পুলিশ ওই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে।
প্রতি বছর কথিত পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে পাকিস্তানে শত শত নারী-পুরুষকে হত্যা করা হয়। পাকিস্তান মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে ৮৬৯ জন নারীকে ‘পারিবারিক সম্মান’ রক্ষার কথিত অজুহাতে হত্যা করা হয়েছে।
