সিরিয়া সীমান্তে কৌশলগত এলাকার দখলে ইরাকি বিদ্রোহীরা
সরকারি সেনাদের অভিযানের মধ্যেও শনিবার সিরিয়া সীমান্তে একটি নিরাপত্তা চৌকির দখল নিয়েছে বিদ্রোহীরা। এদিকে বাগদাদের নতুন করে শিয়া নেতা মুকতাদা সদরের মেহেদি আর্মির সশস্ত্র মহড়া দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
আইএসআইএল এর নেতৃত্বে সুন্নি বিদ্রোহীরা শুক্রবারই নিরাপত্তাকর্মীদের হটিয়ে সিরিয়া সীমান্তবর্তী আল-কেইম শহরের দখল নিয়েছে। সেখানে একটি সীমান্ত চৌকির দখলও নিয়েছে বিদ্রোহীরা।
তবে সদ্য গঠিত ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ডের’ মুখপাত্র সামির আল-শাওয়ালি সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করেছেন।
আল-কেইম এবং এর বিপরীত দিকে সিরিয়ান অঞ্চল আল বুকামেল গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত হয়।
আল বুকামেল অঞ্চলটি আল কায়েদার সিরিয়া শাখা আল নুসরা ফ্রন্টের দখলে রয়েছে। সিরিয়ার যুদ্ধক্ষেত্রে আইএসআইএল ও আল নুসরা ফ্রন্টের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলেও শোনা যাচ্ছে।
