ইরাক নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা
ইরাকের অবরুদ্ধ সরকারকে সহায়তা করতে ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে শত্রুদেশ ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা।
পাশাপাশি, ইরাকের সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন প্রেসিডেন্ট ওবামা।
ইরাকের রাজধানী বাগদাদ অভিমুখে জঙ্গি সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রার প্রতিক্রিয়ায় সোমবার আন্তর্জাতিক অঙ্গণে এসব কর্মকাণ্ড লক্ষ্য করা যায়।
২০১১ সালের শেষদিকে ইরাক থেকে সব মার্কিন সৈন্য ফিরিয়ে নেন প্রেসিডেন্ট ওবামা। বিদ্রোহী দমনে সেখানে ফের সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করলেও বিমান হামলার মতো অন্যান্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন তিনি।
এরইমধ্যে পারস্য উপসাগরে একটি রণতরীর পাশাপাশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
শিয়া নিয়ন্ত্রিত ইরাকি সরকারের ক্ষমতা বৃদ্ধির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেয়া পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি না তা নিয়েও সোমবার সন্ধ্যায় মার্কিন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ওবামা।
গত সপ্তাহে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) এর জঙ্গিরা ইরাকি বাহিনীকে হটিয়ে দিয়ে দেশটির উত্তরাঞ্চল দখল করে নেয়। এতে জাতীয় সীমান্তের তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ শিয়া-সুন্নি সাম্প্রদায়িক লড়াই শুরু হয়ে ইরাক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সুন্নিদের এই সম্মিলিত বাহিনী পাঁচদিনে শত শত নিরস্ত্র বন্দিকে হত্যা করে নিশ্চিতভাবে যুদ্ধাপরাধ করেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান।
ভিয়েনায় ইরানের নিউক্লিয়ার প্রকল্প নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের আলোচনা চলার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইরাকি সঙ্কট নিয়ে আলোচনা করেছেন বলে উভয়পক্ষ জানিয়েছে। তবে দুপক্ষই সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন।
