২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ভোট: দুই প্রার্থীরই এগিয়ে থাকার দাবি

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই এগিয়ে থাকার দাবি করেছেন। একইসঙ্গে চলছে নির্বাচনকালীন সহিংসতায় নিহতের সংখ্যার হিসাব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:16 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

ভোটের ফল কাছিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে দুই প্রার্থীই ভোটে জিালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাতে পারেন বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষক ও অন্যান্য কর্মকর্তারা।

শনিবার ভোট শেষ হওয়ার পরপরই নর্দান এলায়েন্স নেতা আবদুল্লাহ আবদুল্লাহ ভোটার উপস্থিতির সরকারি হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি তার পর্যবেক্ষক ও অন্যান্যদের হিসাবের ভিত্তিতে তিনিই জয়ী হবেন বলে দাবি করেন।

“আশরাফ গনির পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করছেন এবং একইসঙ্গে জনগণের মতামত নেয়া হচ্ছে। ভোটের ফল প্রত্যেকের কাছেই খুব স্পষ্ট,” বলেছেন, গনি শিবিরের মুখপাত্র।

ওদিকে, আবদুল্লাহ শিবিরও্ বলছে, “ভোটের ফল আদতেই খুব স্পষ্ট। তবে জালিয়াতির কোনো ফল মেনে নেয়া হবে না এবং আমরা এর জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেব”। প্রথম দফা ভোটে ১৪ পয়েন্টে এগিয়ে থাকার কারণে আবদুল্লাহ শিবির জয়ের ব্যাপারে অনেক বেশি নিশ্চয়তা প্রকাশ করেছে।

জাতিসংঘ রোববার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং আশরাফ গনিকে নির্বাচনের ফলকে সম্মান দেখিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিও শ্রদ্ধা রাখার জন্য দুই প্রার্থী ও তার সমর্থকদের উৎসাহ জুগিয়েছেন।

ভোট সফল হলে আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে। নির্বাচনে জয়ী প্রার্থী হবেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি।