২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সঙ্কট আমরা সৃষ্টি করিনি: ব্লেয়ার

ইরাকের বর্তমান সঙ্কটের জন্য ২০০৩ সালের আগ্রাসন দায়ী নয় বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বিবিসি’কে ব্লেয়ার বলেন, ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের ফলেই ইরাকে আজকের এ সঙ্কট সৃষ্টি হয়নি। এছাড়াও অন্য একটি ‘বড় সমস্যা’ এখনো আছে।

ইরাকের চলমান সঙ্কটকে একটি ‘আঞ্চলিক সঙ্কট’ উল্লেখ করে তিনি বলেন, এতে করে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

ব্লেয়ারের মতে, ২০০৩ সালে সাদ্দামকে ছেড়ে দেয়া হলেও পরে যখন ২০১১ সালে তিউনিসিয়া, ইয়েমেন, লিবিয়া বাহরাইন এবং মিশরের মতো আরব দেশগুলোতে বিপ্লবের ঢেউ খেলে যেত তখনও ইরাকে বড় ধরনের সঙ্কট দেখা দিত।

তিনি বলেন, “স্বৈরশাসকের পতন না ঘটলে কি হয় তাতো আপনারা দেখছেনই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষেত্রে এখন যা ঘটছে। সমস্যা থেকেই যাচ্ছে”।

ইরাক সমস্যা সম্পর্কে ব্লেয়ার তার ওয়েবসাইটে লিখেছেন, সিরিয়া-সঙ্কট নিয়ে পশ্চিমা নেতাদের নিষ্ক্রিয়তা থেকেই আজ ইরাকের এ অবস্থা।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন হয়। তখন থেকেই দেশটিতে সহিংসতা চলছে। গত মঙ্গলবার ইরাকের মসুল দখল করে নেয় সুন্নি জঙ্গিরা।

ব্লেয়ার লেখেন, ‘ইরাকের বর্তমান সঙ্কট আমাদের সৃষ্টি, এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমরা এটি করিনি।”

তিনি বলেন, “২০০৩ সাল নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে। এর কিছু বৈধ ভিত্তিও আছে। কিন্তু আজ ২০১৪ সালে এসে আমাদেরকে এটা বুঝতে হবে যে ইরাকের সমস্যাটা আঞ্চলিক। কিন্তু এটি এমন এক সমস্যা যা আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে”।

তিনি আরো বলেন, ইরাকের মসুল শহর দখলে নেওয়ার জন্য সুন্নি বিদ্রোহীরা পরিকল্পনা করেছে সিরিয়া সীমান্তে। যেখনে উগ্রপন্থিরা লড়াই করছে।

তবে সমালোচকরা ব্লেয়ারের বক্তব্য ‘উদ্ভট’ আখ্যা দিয়ে বলেছেন, “তিনি (ব্লেয়ার) তার সব দায় দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন”।