২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন চলাকালে আফগানিস্তান জুড়ে হামলায় নিহত ১৪

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট চলাকালে আফগানিস্তান জুড়ে নির্বাচন কেন্দ্রগুলো লক্ষ্য করে চালানো হামলায় ১৪ জন বেসামরিক নিহত হয়েছেন। এসব হামলায় আরো ৪১ জন আহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:47 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শনিবার সকাল ৭টায় আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

সিনহুয়া জানিয়েছে, ভোট গ্রহণ শেষে নিরাপত্তার দায়িত্বে থাকা দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি বলেছেন, “শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট চলাকালে নির্বাচনী কেন্দ্রগুলো লক্ষ্য করে তালেবান বিদ্রোহীদের চালানো হামলায় মোট ১৪ জন বেসামরিক নিহত ও ৪১ জন আহত হয়েছেন।”

বিদ্রোহী জঙ্গিরা দেড় শতাধিক হামলা চালিয়েছে এবং রকেট চালিত গ্রেনেডও নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন তিনি। এসব হামলার মধ্যে ১৫টি রাস্তার পাশে পেতে রাখা বোমা ও একটি চোরাগোপ্তা হামলা ছিল।

অধিকাংশ হামলা নানগারহার, কুনার, বাদাখশান, ফিরিয়াব এবং হেরাত প্রদেশে চালানো হয় বলে জানান সলাঙ্গি।

নির্বাচনের আগেই ভোট বানচাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়ে রেখেছিল তালেবান বিদ্রোহীরা। তাই এসব হামলা অনেকটা প্রত্যাশিতই ছিল। তালেবান হামলার হুমকির মুখে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

চূড়ান্ত পর্বে্র এ ভোটের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরাধিকারী নির্বাচন করবে আফগানরা। প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ অথবা বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানি, এ দুজনের মধ্যে কেউ একজন হতে যাচ্ছেন পরবর্তী আফগান প্রেসিডেন্ট। সামরিক ও বেসামরিক বিষয়ে প্রত্যক্ষ আন্তর্জাতিক সমর্থনহীন আফগানিস্তানের নেতৃত্ব দিতে হবে নতুন প্রেসিডেন্টকে। চলতি বছরের মধ্যেই দেশটিতে মোতয়েন সব আন্তর্জাতিক বাহিনীর আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা আছে। নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি আফগান নিরাপত্তা বাহিনীর ওপর ছেড়ে দেয়া হবে। নতুন এ পরিস্থিতিতে তালেবান বিদ্রোহীদের মোকাবিলা করে ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট কে, যা তার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ২ জুলাই চূড়ান্ত পর্বের ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে এবং ২২ জুলাই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, তালেবানের চালানো এসব হামলায় ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন।