২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনের অনুরোধের কথা অস্বীকার ব্রাজিলের

এডওয়ার্ড স্নোডেন রাজনৈতিক আশ্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কাছে অনুরোধ জানিয়েছেন, এমন কথা অস্বীকার করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার যিনি এনএসএ’র বিশ্বব্যাপী অবৈধ গোয়েন্দাগিরির গোপন পরিকল্পনা জনসম্মুখে ফাঁস করে দিয়েছিলেন।

সোমবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী লুয়িজ আলবার্তো ফিগুয়েইরেদো বলেছেন, তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নোডেনের আবেদন হাতে পায়নি।

বর্তমানে এক বছরের রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় রয়েছেন স্নোডেন। আসছে অগাস্টে এ রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ শেষ হবে।

এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় রুশ টেলিভিশন চ্যানেল গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি ব্রাজিল সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ব্রাজিল সরকার তার অনুরোধ রাখলে তিনি আনন্দের সঙ্গে ব্রাজিলে বাস করবেন।

ফিগুয়েইরেদো বলেছেন, “অনুরোধ আসলে তা বিশ্লেষণ করে দেখা হবে, তবে অনুরোধ আসেনি।”

স্নোডেনের ফাঁস করা এনএসএ’র গোপন গোয়েন্দাগিরি পরিকল্পনার অন্যতম লক্ষ্য ছিল ব্রাজিল। তার ফাঁস করা তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, তার শীর্ষস্থানীয় সহচর ও দেশটির রাষ্ট্রীয় তেলগ্যাস কোম্পানি পেট্রোবাসসহ লাখ লাখ ব্রাজিলীয়র ইমেইল ও ফোন কল পর্যবেক্ষণ করেছে।

বিশ্বব্যাপী নিজেদের এসব গোয়েন্দাগিরির পক্ষে নিরাপত্তা হুমকির অজুহাত দিয়ে যুক্তরাষ্ট্র সরকার সাফাই জানালেও পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে এ কার্যক্রমের লাগাম টেনে ধরার ইঙ্গিত দেয়।