তালেবানের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ কারজাই
তালেবানের হাতে আটক এক মার্কিন সেনার মুক্তির বিনিময়ে কিউবার গুয়ানতানামো বে কারাগারে বন্দি ৫ তালেবান নেতার মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গুয়ানতানামোর তালেবান বন্দিদের মুক্তিতে মার্কিনীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছে রিপাবলিকানরা।
সিনেটর জন ম্যাককেইন বলেছেন, গুয়ানতানামোর যে বন্দিদেরকে কাতারে নেয়া হয়েছে তারা অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি।
আফগান সরকারকে কোনোকিছু না জানিয়েই এ বন্দি বিনিময়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইও। তাছাড়া, তালেবান বন্দিদেরকে তৃতীয় কোনা দেশে পাঠানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বোয়ি বার্গডালকে (২৮) মুক্তি দেয়া হয়। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনার পথ ধরে বার্গডালের মুক্তির সমঝোতা হয়।
এ সমঝোতার বিরুদ্ধে মত দিয়েছেন কয়েকজন রিপাবলিকান। এ সমঝোতা চুক্তি খুবই উদ্বেগজনক দৃষ্টান্ত এবং এটি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার শামিল বলে মন্তব্য করেছেন তারা।
সিবিএস টিভি’তে এক মন্তব্যে ম্যাককেইন বলেন, “যে তালেবানরা মুক্তি পেয়েছে তারা হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী বলেই সবার ধারণা। তারা আবারো লড়াইয়ে নামতে সক্ষমও হতে পারে”।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন তালেবান বন্দিদের স্থানান্তরের বিষয়টি নিয়ে কংগ্রেসকে পর্যাপ্ত নোটিশ না দেয়ায় বন্দি বিনিময় চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সব সমালোচনা নাকচ করে দিয়ে বলেছেন, মার্কিন সেনার জীবন বাঁচানোর জন্য সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হয়েছে।
এনবিসি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হেগেল আরো বলেন, মার্কিন সেনা বোয়ি বার্গডেলের মুক্তির ব্যাপারে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়নি। কিন্তু তালেবানের হাতে আটক বার্গডেল ছিলেন যুদ্ধবন্দি এবং তার মুক্তির জন্য চেষ্টা চালানোটাও ছিল একটি স্বাভাবিক বিষয়।
বার্গডেলের মুক্তির বিনিময়ে ছাড়া পাওয়া তালেবান বন্দিরা ২০০১ সালে মার্কিন সামরিক অভিযানের সময় আটক হয়েছিল। কিউবার গুয়ানতানামো বে বন্দি শিবিরে এরাই সবচেয়ে ঊর্ধ্বতন আফগান বন্দি ছিল বলে ধারণা করা হয়। তাদেরকে অবিলম্বে অবাধে ছেড়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং কাতারকে আহ্বান জানিয়েছেন কারজাই।
ওদিকে, রোববার এক বিরল বিবৃতিতে বন্দি বিনিময়কে তালেবানের ‘বড় ধরনের জয়’ বলে অভিহিত করেছেন আফগান তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর।
তবে বারাক ওবামা বলছেন, কাতারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছেন তিনি। মুক্তি পাওয়া তালেবানরা আর বিপদ হয়ে দেখা দেবে না। অন্তত এক বছরের জন্য তাদের কাতার ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান তিনি।
