২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি ‘গ্রাজুয়েট নন!’

ট্যুইটারে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সমালোচনায় ধারাবাহিক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন দেশটির কংগ্রেস দলীয় নেতা অজয় মাকেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 03:31 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার করা এসব মন্তব্যের একটিতে তিনি মানব উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি।“কী এক মন্ত্রিসভা মোদির? মানব উন্নয়ন মন্ত্রী (শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে) স্মৃতি ইরানি গ্রাজুয়েটও নন! ইলেকশন কমিশনে জমা দেয়া তার এফিডেভিট দেখুন!,” ট্যুইটে মন্তব্য করেন মাকেন।তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্যাপক পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়। মাকেনের মন্তব্যের নিন্দা জানায় ক্ষমতাসীন বিজেপি।মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বৈঠকের বিবৃতি দেয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রাসাদ বলেন, “তার (ইরানি) সম্পর্কে এসব বলা হয়ে থাকলে তা খুব দুর্ভাগ্যজনক হবে। পার্লামেন্টে স্মৃতি ইরানি হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই কথা বলে থাকেন, আর তার যোগ্যতা সম্পর্কে মোদি বেশ ভালোই জানেন।”মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মাকেনের মন্তব্যের সমালোচনা করে ট্যুইট করেন, “মানব উন্নয়ন মন্ত্রী হওয়ার জন্য একজনকে উচ্চ শিক্ষিত হতে হবে এমন দাবি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার জন্য পাইলট হতে হবে আর কয়লা মন্ত্রী হওয়ার জন্য খনিজবিদ হতে হবে, এমন দাবির সমতুল্য।”রাজনৈতিক ধারাভাষ্যকার স্বপন দাশগুপ্ত ট্যুইট করেন, “কেউ একজন আমাকে মনে করিয়ে দিন, রবীন্দ্রনাথ ঠাকুর কি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? তিনি অবশ্যই প্রতিষ্ঠিত ছিলেন এবং শিক্ষা সম্পর্কে তার আলোকিত দৃষ্টিভঙ্গী ছিল।”এছাড়া অনেকে স্মৃতি ইরানিকে “লিঙ্গ বৈষম্যবাদী” ও “অভিজাতপন্থী” বলে মন্তব্য করায় মাকেনের সমালোচনা করেন।