২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ, সে ভালবেসেছিল!

ভালবেসে বিয়ে করার কারণে পাকিস্তানের লাহোরে প্রকাশ্য দিবালোকে ২৫ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে তার নিজ পরিবারের সদস্যরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2014, 12:07 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

মঙ্গলবার বিকেলে লাহোরের উচ্চ আদালতের সামনের রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই দিন বিকেলে ফারজানা পারভিন ও তার স্বামী মোহাম্মদ ইকবাল রাস্তায় দাঁড়িয়ে আদালত খোলার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ফারজানার পরিবারের প্রায় ২০ জন সদস্য তাকে ও তার স্বামীকে আক্রমণ করে।

আক্রমণকারীরা লাঠি ও ইট দিয়ে ফারজানা ও ইকবালকে আঘাত করতে শুরু করে। শত শত লোক এ ঘটনা প্রত্যক্ষ করলেও হামলাকারীদের বাধা দিতে কেউ এগিয়ে আসেনি।

গুরুতর আহত ফারজানাকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ফারজানার বাবা ছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ফারজানার বাবা তার কন্যাকে হত্যার কথা স্বীকার করে দাবি করেছেন, পরিবারের ‘সম্মান’ রক্ষার জন্যই ফারজানাকে হত্যা করা হয়েছে।

এই হামলায় ফারজানার দুই ভাই ও তার এক চাচাতো ভাইও জড়িত ছিল। ওই চাচাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছিল।

কিন্তু ফারজানা তার ভালবাসার মানুষ ইকবালকে বিয়ে করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন।

ইকবাল ফারজানাকে অপহরণ করেছে বলে অভিযোগ দাখিল করেছিল ফারজানার পরিবার। সেই মামলার শুনানির জন্যই আদালতে গিয়েছিলেন নবদম্পতি।

তারা একে অপরকে স্বেচ্ছায় বিয়ে করেছেন, আদালতকে এই তথ্যই জানাতে গিয়েছিলেন তারা। কিন্তু পাকিস্তানের নির্মম সামাজিক বাস্তবতার শিকার হতে হল তাদের।

প্রতি বছর কথিত পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে পাকিস্তানে শত শত নারীকে হত্যা করা হয়। পকিস্তান মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে ৮৬৯ জন নারীকে ‘পারিবারিক সম্মান’ রক্ষার কথিত অজুহাতে হত্যা করা হয়।