২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলে যাওয়া কারো জন্য ফ্যাশন: আন্না হাজারে

ভারতে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে দেশটির দুর্নীতি বিরোধী সক্রিয় কর্মী আন্না হাজারে বলেছেন ‘‘জেলে যাওয়াটা কিছু লোকের জন্য ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে’’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:11 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

ভারতের আদালতকে ‘অসম্মান’ করায় কেজরিওয়ালের এ সমালোচনা করেন হাজারে।‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।

ব্যাঙ্গালোরের এক সভায় হাজারে বলেন ‘‘জেলে যাওয়াটা কিছু লোকের জন্য ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দেশের সবাইকে আদালত ব্যবস্থার প্রতি সম্মান দেখাতে হবে। কেজরিওয়াল যেভাবে জেদ দেখিয়ে জামানত না দিয়ে জামিন নেননি তা মেনে নেয়া যায় না।’’

তবে কেজরিওয়ালকে এ ব্যাপারে কোন উপদেশ দেবেন না বলে জানান হাজারে। উপদেশ দেয়াটা তার কর্ম নয়, বলেন তিনি।

কেজরিওয়ালকে উদ্দেশ্য করে হাজারে বলেন “তিনি যদি মনে করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, তাহলে আদালতে গিয়ে আপিল করা উচিৎ। দেশে আরও উচ্চ আদালত আছে কিন্তু তাই বলে আদালতকে অসম্মান করা ঠিক না।’’

বিজেপি নেতা নীতিন গাড়কারির করা মানহানির মামলায় কেজরিওয়াল জামিনের জন্য বন্ড দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে গত বুধবার গ্রেপ্তার করে দিল্লির তিহার জেলে পাঠায় আদালত।

এরপরও কেজরিওয়াল তার অবস্থানে অটল থাকায় শুক্রবার তার কারাবাসের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়।