জঙ্গি ঠেকাতে নওয়াজকে মোদির তাগাদা
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জঙ্গি তৎপরতার রাশ টেনে ধরার তাগাদা দিয়েছেন।
প্রথমদিন প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরই নওয়াজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি পাকিস্তানের মাটি থেকে ভারতে জঙ্গি হামলা ঠেকানোসহ ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার সন্দেহভাজনদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান।
জবাবে নওয়াজ শরীফ বলেন, ভারতের উচিত সন্দেহ, অবিশ্বাস দূরে সরিয়ে রেখে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করা।
ভারত ও পাকিস্তানের সম্পর্কে দীর্ঘদিনের বরফ গলার আশা নিয়ে সোমবার নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন নওয়াজ।
পরদিনই নওয়াজের সঙ্গে বৈঠকে মোদি সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব সুজাথ সিং।
বৈঠকের পর সুজাথ বলেন, পাকিস্তানকে এর ভুখন্ড ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের কাজে ব্যবহার হওয়া থেকে ঠেকানোর প্রতিশ্রুতি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
তিনি জানান, দুপক্ষ বাণিজ্য নিয়েও আলোচনা করেছে এবং প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “দু’দেশ অবিলম্বে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুতে পারে”। দ্বিপক্ষীয় কর্মসূচি এগিয়ে নিতে পররাষ্ট্রসচিবরাও শিগগিরই বৈঠকে বসবেন।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে মোদির সঙ্গে বৈঠককে সৌহার্দপূর্ণ্ এবং ফলপ্রসু বলে বর্ণনা করেছেন নওয়াজ শরীফ।
তিনি বলেন, “দিল্লির এ বৈঠক আমাদের দু’দেশের জন্যই একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করবে বলে আমরা একমত... এতে করে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা নিয়ে জনগণের আশা-আকাঙ্খা পূরনের সুযোগ থাকবে”।
মঙ্গলবার নওয়াজ ছাড়াও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং মালদ্বীপ, ভুটান, মরিশাস ও বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদি।
