২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি ভারতীয় জেলেদের মুক্তি দিচ্ছে পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে পাকিস্তানের কারাগারে বন্দি বেশকিছু ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নয়াদিল্লি যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন শনিবার। এর কয়েক ঘণ্টার মধ্যেই ৫৯ জন ভারতীয় জেলেকে করাচির কারাগার থেকে মুক্তি দেয়া হয় বলে পিটিআই জানিয়েছে।

নওয়াজের সফরের আগে দুই দেশের সম্পর্ক উন্নয়নে সদিচ্ছার প্রমাণ দিতে এমন উদ্যোগ নেয় পাকিস্তান সরকার।

করাচিতে মালির কারাগারের পরিচালক সাইয়্যেদ নাজির হোসাইন পিটিআই’কে বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা পেয়ে ভারতীয় বন্দিদেরকে মুক্তি দেয়া হয়েছে। “এদের অধিকাংশ জেলেকেই পাকিস্তানি জলসীমায় অনুপ্রবেশ করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল।” সব ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে শ্রীলঙ্কা ওদিকে মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাওয়ার আগে শ্রীলঙ্কার কারাগারে বন্দি সব ভারতীয় জেলেকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেও। পিটিআই জানায়, মাদক চোরাচালানের অভিযোগে লঙ্কান কারাগারে তামিলনাডুর কমপক্ষে তিন নাগরিক আটক আছে। রাজাপাকসের সফরের বিরোধীতাকারী তামিলনাডুর রাজনৈতিক দলগুলোকে শান্ত করার লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তামিলনাডুর রাজনৈতিক দল এমডিএমকে, পিএমকে এবং ডিএমডিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ। ক্ষমতাসীন এআইএডিএমকের পাশাপাশি তারাও রাজাপাকসের সফরের বিরোধিতা করছে।