২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স চার্লসের মন্তব্য অবমাননাকর: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের মন্তব্যকে অত্যন্ত ‘অবমাননাকর’ বলে নিন্দা করেছে রাশিয়ার দূতাবাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:01 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

যুক্তরাজ্যের রুশ দূতাবাসের উপরাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার ক্রামারেঙ্কো বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য পররাষ্ট্রদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।

পোল্যান্ডের যুদ্ধ-উদ্বাস্তু মেরিয়েনে ফারগুসন নামক এক স্বেচ্ছাসেবীর সঙ্গে কানাডার হ্যালিফ্যাক্সে নোভা স্কটিয়া জাদুঘরে কথা বলার সময় প্রিন্স চার্লস পুতিনকে নিয়ে ওই মন্তব্য করেন। চার্লসের এমন মন্তব্যের কথা ব্রিটিশ সাংবাদিকদের জানিয়েছেন ফারগুসন নিজে।

পোল্যান্ডে ১৯৩৯ সালে নাৎসী আগ্রাসনের আগে দিয়ে পালিয়ে কানাডায় চলে যায় ফারগুসনের পরিবার।

যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি মেইল’ পত্রিকাকে ফারগুসন বলেন, জাদুঘরের প্রদর্শনী শেষে তিনি (ফারগুসন) তার পারিবারিক জীবন এবং কানাডায় পালিয়ে যাওয়া নিয়ে প্রিন্স চার্লসের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হিটলারের একের পর এক দেশ দখলের প্রসেঙ্গ উঠলে চার্লস তাকে বলেন, “পুতিন এখন যা করছেন তা হিটলারের সঙ্গে তুলনা করা যেতে পারে”।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “প্রিন্স চার্লস সত্যিই পুতিনকে নিয়ে এমন মন্তব্য করে থাকলে সেটি তার জন্য কৃতিত্বের কিছু না”।

লন্ডনের রুশ দূতাবাসের মুখপাত্র বলেছেন, “ক্রামারেঙ্কো ফরেইন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে কথা বলবেন। নানা প্রশ্নের মধ্যে প্রিন্স চার্লসের অবমাননাকর মন্তব্যটিও উল্লেখ করা হবে। দূতাবাস এরই মধ্যে এফসিও’র কাছে বিষয়টি স্পষ্ট করার অনুরোধ জানিয়েছে”।