হোসনি মুবারকের ৩ বছরের জেল
মিশরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তার দুই ছেলে আলা এবং গামালও একই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের ৪ বছরের জেল দেয়া হয়েছে। তিনজনকে ৩০ লাখ ডলার জরিমানা করা ছাড়াও চুরির অভিযোগ থাকা ১ কোটি ৭৪ লাখ ডলার ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
৮৬ বছর বয়স্ক হোসনি মুবারককে ক্ষমতার অপব্যবহারের অভিযোগেও বিচার করা হচ্ছে। ২০১১ সালে সরকার বিরোধী গণআন্দোলনের সময় বিক্ষোভকারী হত্যায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে মুবারকের বিরুদ্ধে। ওই গণআন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন মুবারক।
২০১২ সালের বিক্ষোভ সংশ্লিষ্ট একটি অভিযোগেও মুবারক ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলি দোষী সাব্যস্ত হন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডও হয়।
কিন্তু দুইজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের জানুয়ারিতে আদালত পুনরায় ওই মামলায় তাদের বিচার করার নির্দেশ দেয়। অগাস্টে আদালতের নির্দেশে মুবারক জেল থেকে ছাড়া পেয়ে কায়রোর একটি সামরিক হাসপাতালে যান। সেখানে তাকে গৃহবন্দি করে রাখা হয়।
মুবারক ও তার ছেলেরা ইতোমধ্যেই যে তিন বছরের জেল খেটেছেন তা নতুন দেয়া সাজার সঙ্গে হিসাব করা হবে কিনা বা মুবারককে আবার সামরিক হাসপাতাল নাকি জেলে পাঠানো হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
