তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৪৫
পশ্চিম তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৪৫ জনে দাঁড়িয়েছে। ১২০ জন এখনো ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জীবীত আর কাউকে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
বুধবার সোমায় খনি এলাকা পরিদর্শন করে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান এর আগে প্রাথমিকভাবে ২৩৮ জন নিহত এবং ৮০ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। ঘটনা তদন্ত করে দেখারও আশ্বাস দেন তিনি।
এ পর্যন্ত প্রায় ৪৫০ কর্মীকে উদ্ধার করা হয়েছে। তবে গত কয়েকঘণ্টায় জীবীত কাউকে পাওয়া যায়নি। তুরস্কে এটিই সবচে ভয়াবহ খনি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
এ দুর্ঘটনার জন্য সরকারকেই দোষারোপ করছে বিরোধীরা। খনির নিরাপত্তার বিষয়টিতে সরকার আমল দিচ্ছে না বলে অভিযোগ তাদের। শহরটিতে এরই মধ্যে সরকারের বিরুদ্ধে দেখা দিয়েছে বিক্ষোভ। বিক্ষুব্ধরা সরকারের পদত্যাগ দাবি করেছে।
খনি দুর্ঘটনার শিকার হওয়াদের উদ্বিগ্ন স্বজনরা খনির পাশে জড়ো হচ্ছে তাদের প্রিয়জনদের খবর পাওয়ার আশায়।
বিস্ফোরণের সময় ৭৮৭ জন কর্মী খনির ভিতরে ছিল। উদ্ধারকর্মীরা খনিকর্মীদের মৃতদেহ ও আহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিমাঞ্চলের মানিসা প্রদেশের সোমা এলাকার কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বৈদ্যুতিক সমস্যা বিস্ফোরণটির কারণ বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী তেনার ইলদিজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত খনির ভেতর আরো কয়েকশ কর্মী আটকা পড়ে ছিলেন। রাতভর তাদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনা কবলিত খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স
