২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ভোটের আগে ‘মিষ্টি ভাও’

ভারতের জাতীয় নির্বাচনে একদিকে যেমন একে অপরের তিক্ত বাক্যবাণে জেরবার হচ্ছেন রাজনৈতিক দলের নেতারা, অন্যদিকে সেই ‘তিক্ততাকে’ পুঁজি করে ‘মিষ্টি ব্যবসা’ ফেঁদে বসেছেন কেউ কেউ। দলের প্রতীক সম্বলিত সেই মিষ্টি খাইয়ে ভোট চাওয়াকে ‘ভোটের আগে ভাও’ দেয়ার চেষ্টা বললে খুব একটা অত্যুক্তি হবে না।

রিয়াজুল বাশার

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 11:48 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

কলকাতার ভবানিপুরের মিষ্টি দোকান ‘বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকে’ না গেলে বোঝার উপায় নেই নির্বাচনী মিষ্টির কদরটা আসলে কোন মাত্রায় এখন!

বাঙালি মালিকানাধীন প্রায় সোয়াশো বছরের পুরনো এই দোকানে নির্বাচনী মিষ্টি কিনতে আসছেন তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, বিজেপি ও কংগ্রেস সমর্থক ও নেতারা, যারা ভোট চাওয়ার জন্য এই মিষ্টি উপহার হিসাবে পাঠাচ্ছেন।

এই দোকানের নির্বাচনী মিষ্টি প্রথাগত সন্দেশ দিয়ে তৈরি, যা দেখতে অনেকটা জন্মদিনের কেকের মতো। এই মিষ্টির ওপরে রয়েছে বিভিন্ন দলের আকারে প্রতীক আঁকা।

কলকাতায় এসে নির্বাচনী মিষ্টির আলোচনা শুনে বুধবার বিকেলে ভবানিপুরের সেই দোকানে গিয়ে দেখা হলো মালিক প্রদীপ মল্লিকের সঙ্গে।

কথা প্রসঙ্গে বললেন, “প্রচুর বিক্রি হচ্ছে নির্বাচনী মিষ্টি। এটা মানুষ এত গ্রহণ করবে তা জানা ছিল না।”

প্রদীপ মল্লিক জানালেন, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তারা প্রথম এ ধরনের নির্বাচনী মিষ্টি তৈরি করেন, তবে সে সময় তেমন একটা বিক্রি হয়নি, কিন্তু এবার সাড়া মিলেছে বেশ।

“এপ্রিলের শুরু থেকে দৈনিক ২০ থেকে ২৫ হাজার রুপির নির্বাচনী মিষ্টি বিক্রি হচ্ছে।”

বাঙালিদের জনপ্রিয় খাবার মিষ্টি ব্যবসায় কলকাতায় অন্যতম পুরনো ব্যবসায়ী বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। সাম্প্রতিক বছরগুলোতে সর্বভারতীয় মিষ্টি ব্যবসায়ী হলদিরামের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে বাঙালি ব্যবসায়ীদের।

তারপরও ১৩০ বছর আগে প্রতিষ্ঠিত এই বাঙালি মিষ্টি ব্যবসায়ীরা কলকাতায় বেশ দাপটের সঙ্গে ব্যবসা করছেন।

কলকাতার পরিচিত মুখগুলোও বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের দোকানে মিষ্টি কিনতে আসেন।

প্রদীপ মল্লিক জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের যত মিষ্টি লাগে তা তিনি লোক পাঠিয়ে মল্লিকদের দোকান থেকে নিয়ে যান। কলকাতার মেয়র শোভন দেব চট্টোপ্যাধ্যায় মাঝে মধ্যে নিজে মিষ্টি কিনতে আসেন।

এছাড়া আরো মন্ত্রী, অভিনয় ও সঙ্গীত শিল্পীরাও তার দোকানে মিষ্টি কিনতে আসেন বলে জানালেন তিনি।

এই প্রতিবেদকের সঙ্গে কথার ফাঁকেই প্রদীপ মল্লিকের কাছে অভিনয় শিল্পী মিঠুন চক্রবর্তীর বাড়ি থেকে ফোন আসে।

ফোনে কথা শেষ করে প্রদীপ মল্লিক বললেন, “মিঠুনদার ছেলে ফোন করেছেন। মিষ্টি নেয়ার জন্য তিনি লোক পাঠাচ্ছেন।”   

এত মিষ্টি থাকতে হঠাৎ নির্বাচনী মিষ্টির তৈরি পরিকল্পনা কেন এলো- জানতে চাওয়া হলে প্রদীপ মল্লিক বলেন, “আমাদের দোকানে প্রায় ২০০ রকমের মিষ্টি পাওয়া যায়। আমরা প্রায় নতুন নতুন ধরনের মিষ্টি তৈরি করি। আমরা ভাবলাম যেহেতু নির্বাচনের আগে একে অন্যের কাছে ভোট চায়, তাই এক্ষেত্রে মিষ্টি একটা মাধ্যম হতে পারে।”

“এবার হয়েছেও সেরকম। হয়তো তৃণমূলের কেউ কংগ্রেস সমর্থকের কাছে ভোট চাইছে, সে তখন তৃণমুলের প্রতীক আঁকা মিষ্টি তার বাড়িতে পাঠাচ্ছে।”

প্রদীপ মল্লিকের চার পুরুষ আগে প্রতিষ্ঠিত এ দোকানের প্রথমে নাম ছিল গনেশ মল্লিক অ্যান্ড বলরাম মল্লিক, পরে ভাগাভাগির পর ‘বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক’ নাম হয়েছে।

প্রদীপ মল্লিক ও তার ছেলে সুদীপ মল্লিক বর্তমানে এ দোকানের দেখাশোনা করছেন।