গণভোট পেছাবে না ইউক্রেইনের রুশপন্থিরা
পূর্ব ইউক্রেইনের রুশপন্থি আন্দোলনকারীরা স্বাধীনতার প্রশ্নে পরিকল্পিত ১১ মে’র গণভোট পেছাবে না বলে জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য রুশপন্থিদেরকে গণভোট পেছানোর আহ্বান জানানোর পরদিন এ সিদ্ধান্ত জানাল তারা।
ভোট অনুষ্ঠানের জন্য এরই মধ্যে লাখ লাখ ব্যালট পেপারও তৈরি হয়ে রয়েছে।
বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত ডোনেস্ক গণপ্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন বৃহস্পতিবার বলেছেন, “গণপরিষদ সর্বসম্মতিক্রমে পরিকল্পনামাফিক গণভোট অনুষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে। গৃহযুদ্ধ তো শুরুই হয়ে গেছে। গণভোট করলে এর অবসান ঘটে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে”।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিন হয়ত চাইছেন রুশপন্থিরা গণভোট করুক। কিন্তু এ গণভোট তারা তার নির্দেশ না মেনেই করছে বাইরে এমনটিই হয়ত দেখাতে চাইছেন পুতিন। এর মধ্য দিয়ে তিনি পশ্চিমাদের অপছন্দের প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিষেধাজ্ঞাও এড়াতে পারবেন।
ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গণভোট করতে সংকল্পবদ্ধ হয়েছে।
ওদিকে, ইউক্রেইন কর্তৃপক্ষ বলছে, তারা গণভোটের ফল মেনে নেবে না এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানও থামাবে না।
ইউক্রেইন সঙ্কট নিয়ে রাশিয়ার সঙ্গে কিয়েভ ও এর পশ্চিমা মিত্রদেশগুলোর মধ্যে চরম উত্তেজনার মধ্যে পুতিন বুধবার তার আগের অবস্থান থেকে সরে এসে ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনকে সমর্থন দেন।
একইসঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে গণভোট পিছাতে বলার পাশাপাশি ইউক্রেইন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।
কিন্তু নেটো জানিয়েছে, পুতিন একথা বলার পরও রুশসেনা প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যায়নি।
পুতিন বুধবার ইউক্রেইনের ব্যাপারে পরিবর্তিত অবস্থান জানান দিলেও কিয়েভ সরকারের বিরুদ্ধে পূর্ব ও দক্ষিণ ইউক্রেইনে প্রধানত রুশ-ভাষাভাষী মানুষদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন।
