২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর বেত্রাঘাতের শাস্তি!

বিবাহিত এক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার শাস্তি হিসেবে ইন্দোনেশিয়ার এক বিধবাকে দলগতভাবে ধর্ষণ করার পর ধর্মীয় আইন ভাঙার দায়ে তাকে এবার প্রকাশ্যে বেত্রাঘাত করা হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 03:25 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

গত সপ্তাহে আটজনের একটি দল দরজা ভেঙে ওই বিধবার ঘরে প্রবেশ করে তাকে ও তার পুরুষসঙ্গীকে বেঁধে ফেলে তাদের বিরুদ্ধে অবৈধ যৌনসম্পর্কের অভিযোগ আনে।

এরপর ২৫ বছর বয়সী ওই নারীকে আক্রমণকারীদের প্রত্যেকে ধর্ষণ করে। তারপর ওই নারী ও তার সঙ্গীর ওপর ময়লা ঢেলে দেয় আক্রমণকারীরা।

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির জাকার্তা গ্লোব প্রকাশিত এক খবরে জানা গেছে।

নির্যাতন ও চরম লাঞ্ছনার পর ওই জুটিকে স্থানীয় শরিয়া দপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেয় আক্রমণকারীরা। কর্মকর্তার নারীটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে নিশ্চিত হয়।

তবে নারীটির বিরুদ্ধে আনা ধর্মীয় আইন লঙ্ঘণের অপরাধের শাস্তি নির্ধারণের সময় তার ওপর করা যৌন নির্যাতন বিবেচনায় আনা হবে না বলে শরিয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

নির্যাতনকারী ৮ জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরও রয়েছেন। নির্যাতনকারী অন্য পাঁচজন পলাতক রয়েছেন।

বান্দা আচেহ’র পূর্বাঞ্চলীয় শহর লাঙ্গসা’র শরিয়া দপ্তরের প্রধান ইব্রাহিম লতিফ বলেছেন, “আমরা ওই জুটিকে বেত্রাঘাতের শাস্তি দিতে চাই, কারণ তারা যৌনসম্পর্ক স্থাপন করে ধর্মীয় আইন লঙ্ঘণ করেছে।”

“তাদের যেমন বেত্রাঘাত করা হবে, তেমনি ধর্ষকদেরও শাস্তি দেয়া হবে, তবে তা হবে ফৌজদারি আদালতের মাধ্যমে। এছাড়া তারা বেশ কয়েকবার যৌনসম্পর্কে মিলিত হয়েছে বলে স্বীকার করেছে। যদিও ওই পুরুষটি বিবাহিত এবং তার পাঁচটি সন্তান রয়েছে।”

শরিয়া দপ্তরের প্রস্তাবিত শাস্তি কার্যকর হলে ওই জুটিকে নয়বার বেত্রাঘাত করা হতে পারে।