২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ জন নিহতের পর আসামে সেনা মোতায়েন

তিন দিনে ৩১ মুসলিম অধিবাসীকে হত্যার পর ভারতের আসাম রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। নৃতাত্ত্বিক গোষ্ঠির বিচ্ছিন্নতাবাদীরা এসব অধিবাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2014, 12:17 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

বিচ্ছিন্নতাবাদীদের ক্রমবর্ধমান তৎপরতার পর শনিবার চা শিল্পের জন্য প্রসিদ্ধ এই রাজ্যটিতে সেনা মোতায়েন করা হয়।

ভারতের চলমান লোকসভা নির্বাচনে আসাম অঞ্চলের ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই বিচ্ছিন্নতাবাদের তৎপরতা শুরু হয়।

তাদের চলমান সহিংসতার তৃতীয় দিন শনিবার গুলিবিদ্ধ নয়টি লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহত এই নয়জনের মধ্যে শিশু ও নারী ছয়জন।

এসব হত্যাকাণ্ডের জন্য বোড়ো নৃগোষ্ঠির বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে পুলিশ।

লোকসভা নির্বাচনে বোড়োদের মনোনীত প্রার্থীর বিরোধীতা করার প্রতিশোধ হিসেবে পরিকল্পিতভাবে এলাকার মুসলিম ধর্মাবলম্বীদের হত্যা করা হচ্ছে বলে জানা গেছে।

বোড়োরা স্থানীয় বাথউ ধর্মের অনুসারী।

গত বৃহস্পতিবার থেকে রাজ্যের বাক্সা ও কোকরাঝড় এলাকায় বোড়ো বিচ্ছিন্নতাবাদীরা মুসলিমদের লক্ষ্য করে হামলা শুরু করে।

বাক্সার বারামা শহরে খাবার কিনতে আসা আনোয়ার ইসলাম বলেন, “আমাদের গ্রামে থাকতে ভয় পাচ্ছি আমরা। সরকার নিরাপত্তার দায়িত্ব না নেয়া পর্যন্ত এটি দূর হবে না।”

তিনি জানান, রাইফেলধারী লোকজন সাইকেলে করে তাদের গ্রাম মশালপুরে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে, তারপর কুঁড়েঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়।

প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা মুসলিমরা তাদের জমিজমা দখল করে নিচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছে বোড়োরা।

২০১২ সালে বোড়োদের সঙ্গে মুসলিমদের সাম্প্রদায়িক সংঘর্ষে প্রায় একশত মানুষ নিহত ও প্রায় চারলাখ মানুষ বাস্তুচ্যুত হয়।