২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ বিমানের পূর্ণ তল্লাশিতে একবছর লাগতে পারে’

নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি উদ্ধারে পূর্ণ তল্লাশি অভিযান শেষ করতে এক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:02 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার মালয়েশিয়ায় উদ্ধাকারী দলের মুখপাত্র আঙ্গুশ হাউস্টোন বলেন, সর্বশক্তি দিয়ে কাজ করে গেলে বিমানের ধ্বংসাবশেষ অবশ্যই পাওয়া যাবে।

বিমানটির সম্ভাব্য ভাসমান ধ্বংসাবশেষ বিমানে করে খুঁজে বেড়ানোর অভিযান শেষ করা হয়েছে। এখন চলছে সাগরতলের অনুসন্ধান।

স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে সাগরতলে বিমান ধ্বংসের সম্ভাব্য জায়গায় আরো ব্যাপক এলাকাজুড়ে অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে অনুসন্ধানকারীদের।

হাউস্টোন বলেন, এ তল্লাশি অভিযান ৮ মাস ধরে চলতে পারে। তাছাড়া, আবহাওয়া খারাপ হলে বা অন্য কোনো কারণে তল্লাশি অভিযানে ৮ থেকে ১২ মাস সময়ও লেগে যেতে পারে”।

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া, চীন ও মালয়েশিয়ার উদ্ধারকারী দলের কর্মকর্তারা তল্লাশি প্রক্রিয়া নিয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে আলোচনায় বসবেন।

এর আগে বিমান নিখোঁজের পর থেকে উদ্ধার তৎপরতার যাবতীয় বিষয়াদি নিয়ে বৃহস্পতিবারেই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে দেখানো হয়, বিমানটি রাডার নেটওয়ার্ক থেকে হারিয়ে যাওয়ার ১৭ মিনিট পরেও নিয়ন্ত্রণ কক্ষ ঘটনাটি বুঝতে পারেনি।

গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহীসহ চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করে মাঝ আকাশে হারিয়ে যায় এমএইচ৩৭০ ফ্লাইট।

ভিয়েতনাম উপসাগরের কাছাকাছি স্থানে বিমানটি রাডার সঙ্কেতের বাইরে চলে গেলেও অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে হাজার হাজার মাইল দক্ষিণ-পশ্চিমে এর সর্বশেষ অবস্থান ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন। তবে বিমানটি কিভাবে এতো দূরে গেল তা পরিস্কার করতে পারেনি তারা।