সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে চীন
এশিয়ার উদীয়মান শক্তি চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ওই স্থানটির দখল নিতে যাচ্ছে বলে সম্প্রতি বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্টতায় চালানো এক জরিপে দেখা গেছে।
বুধবার ব্রিটেনের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম (আইপিসি) পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে এমন আভাস দেয়া হয়।
আইপিসির পর্যবেক্ষকরা বলেন, যুক্তরাষ্ট্র বনাম চীনের অর্থনীতির তুলনামূলক চিত্রে দেখা যায়- ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের অর্থনীতির আকার ছিল ৪৩ শতাংশ। তবে ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৭ শতাংশে।
আইপিসির প্রতিবেদনে বলা হয়, “যুক্তরাষ্ট্র অবস্থান এখনও বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবেই আছে তবে ক্রয় ক্ষমতার(পার্সেজিং পাওয়ার পারিটি বা পিপিপি) বিচারে দেশ দুটির অবস্থান কাছাকাছি।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-ও ২০১১ থেকে ২০১৪ সালের প্রবৃদ্ধির বিচারে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রেখেছে।
ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকেই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সাল পর্যন্তও যুক্তরাষ্ট্রকে কেউ পেছনে ফেলতে পারবে না বলে বিশ্লেষকদের ধারণা ছিল।
ক্রয় ক্ষমতাকে (পিপিপি) ভিত্তি করে আইপিসির হিসাব অনুযায়ী ২০১১ সালে বিশ্ব অর্থনীতির জিডিপিতে যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল ১৭ দশমিক ১ শতাংশ যেখানে চীনের শেয়ার ছিল ১৪ দশমিক ৯ শতাংশ। এই ক্ষেত্রে জাপানকে পেছনে ফেলে ৬ দশমিক ৪ শতাংশ শেয়ারের অংশিদার হয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয় ভারত।
