রাশিয়ায় নতুন মার্কিন নিষেধাজ্ঞা
পূর্ব ইউক্রেইনে বিদ্রোহ আরো উস্কে দেয়া থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখতে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
পুতিনের ঘনিষ্ঠ ৭ সহযোগীসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ১৭ টি কোম্পানি এ নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
সোমবার হোয়াইট হাউজ জানায়, "ইউক্রেইনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের জবাবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।”
নিষেধাজ্ঞা কবলিত রুশ কমকর্তাদের মধ্যে রয়েছেন, তেল কোম্পানি রোসনেফ্ত এর প্রধান ইগোর সেচিন এবং প্রভাবশালী আইন প্রণেতা আলেক্সি পুশকভ। এছাড়া, উন্নত প্রযুক্তির পণ্য সামগ্রী রাশিয়ায় রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে এর আগে এক খবরে জানিয়েছিলেন ওবামা।
পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এখন পর্যন্ত নতি স্বীকার করার কোনো লক্ষণ দেখায়নি। এরই মধ্যে খারকিভ শহরের মেয়রের গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর এসেছে।
গত শুক্রবারে আটক ইউরোপীয় পর্যবেক্ষকরা এখনো পূর্ব ইউক্রেইনের অস্ত্রধারীদের হাতে জিম্মি। তাদের মুক্তির জন্য রাশিয়াকে সক্রিয়ভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছে জার্মানি।
এ পরিস্থিতির মধ্যে ওবামা রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিলেন।গত মাসে আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় এবার আরো ব্যক্তি ও প্রতিষ্ঠান যোগ হল। গতবার রুশ কর্মকর্তাদের সম্পদ জব্দ করাসহ যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা নিষিদ্ধ করা হয়েছিল।
তবে এবারের পদক্ষেপে এখনো বৃহত্তর পরিসরে কোনো নিষেধাজ্ঞা (যেমন: রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি খাতে নিষেধাজ্ঞা) আরোপ করা হয়নি বলে জানিয়েছেন ওবামা।
পরিস্থিতির আরো অবনতি হলে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার জন্য রাশিয়ার বৃহত্তর এ খাতগুলোকে হাতে রাখা হয়েছে বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত রাশিয়ার ওপর যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তা কতটুকু ফলদায়ক তাও জানেন না বলে ওবামা স্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) সোমবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তালিকা আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে। ২৮ জাতি ইইউ এর রাষ্ট্রদূতরা ব্রাসেলসে বৈঠক করেছেন এবং ইইউ কূটনীতিকরা বলছেন, নেতারা নিষেধাজ্ঞার তালিকায় আরো ১৫ টি নতুন নাম যোগ করতে প্রাথমিকভাবে সম্মতিতে পৌঁছেছেন।
