২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে জঙ্গি-সেনাবাহিনী লড়াইয়ে মেজরসহ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির রাজ্যে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তিন জঙ্গির টানা দুই দফায় ১০ ঘন্টার সশস্ত্র লড়াইয়ে তিন জঙ্গিসহ মেজর পদাধিকারী এক ভারতীয় সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 01:18 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার রাজ্যটির প্রধান শহর শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

ওই এলাকার মালিনো গ্রামের একটি বাড়িতে তিন জঙ্গি অবস্থান নিয়েছে- এমন খবরে বাড়িটি ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে জবাবে গুলিবর্ষণ শুরু করে তারা।

শুক্রবার প্রথম দফায় দুপক্ষের মধ্যে ওই লড়াই শুরু হয়ে পরবর্তী ছয় ঘন্টা ধরে চলে।

এ সময় জঙ্গিদের গুলিতে ভারতীয় ওই সেনা কর্মকর্তা ও সেনা সদস্য নিহত হন। পাশাপাশি দুই জঙ্গিও নিহত হন। কিন্তু এক জঙ্গি বাড়ির ভেতরে অবস্থান নিয়ে থাকেন।

এরপর শনিবার সকাল থেকে আবার টানা ৪ ঘণ্টা লড়াই চলে। অবশেষে বাড়ির মধ্য থেকে আর কোন পাল্টা আক্রমণ না আসায় গোলাগুলি বন্ধ হয়। ধারণা করা হচ্ছে, ভেতরে অবস্থানকারী জঙ্গিও নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থলে উপস্থিত এক ভারতীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন, রাত নেমে আসায় অভিযান স্থগিত রাখা হয়। তবে বাড়িটি থেকে কেউ যেন পালিয়ে যেতে না পারে সেজন্য চারপাশে কড়া নজর রাখা হচ্ছে।

তবে দুই জঙ্গির মৃতদেহ পাওয়া গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এক জঙ্গির লাশের খোঁজ চলছিল।

ভারতীয় লোকসভার কাশ্মির অঞ্চলের আসন অনন্তনাগ নির্বাচনী এলাকায় শোপিয়ানের অবস্থান। বৃহস্পতিবার এই জেলায় ভোট গ্রহণ শেষে পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যেই ভোট গ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে এক নির্বাচন কর্মকর্তা নিহত ও তিন পুলিশসহ অপর পাঁচজন আহত হন।

এ ঘটনার একদিন পরই জঙ্গি-সেনা বন্দুক লড়াইয়ের ঘটনাটি ঘটল।