জলবায়ু পরিবর্তনের মারাত্মক হুমকির মুখে বিশ্ব
বিশ্বের জনস্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য ও পানিসম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে আছে জলবায়ু পরিবর্তন। জাতিসংঘের সর্বসাম্প্রতিক এক জলবায়ু প্রতিবেদনে একথা বলেছেন শীর্ষ বিজ্ঞানীরা।
কার্বন নির্গমনের কুপ্রভাব ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বানও জানানো হয়েছে এতে।জাতিসংঘের ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর এ প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক করে দিয়ে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর ওপর জোর দেয়া হয়েছে।প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সমাজ এবং প্রকৃতি জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আছে যা আমাদের চিন্তারও বাইরে।উষ্ণায়ন বাড়তে থাকায় তা মানুষের স্বাস্থ্য, কৃষিকাজে ক্ষতিকর প্রভাব ফেলবে। বন্যা বেড়ে যাবে। এতে করে মানুষের দারিদ্র বাড়বে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে সহিংসতা-সংঘাতের আশঙ্কা দেখা দেবে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর নানা প্রভাবের মধ্যে খাদ্য ও পানি সঙ্কট দেখা দেয়ার ঝুঁকি বেশি। মানুষ জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব ঠেকাতে পারবে খুব সামান্যই।প্রকৃতি এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু আগামীতে মানুষের ওপর এর আরো নেতিবাচক প্রভাব পড়ারই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।বিশ্ব উষ্ণায়নের জন্য যে মানুষই মূলত দায়ী তা আগের যে কোনো সময়ের চেয়ে এখন আরো বেশি নিশ্চিত জানিয়ে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গ্রিনহাউজ গ্যাস নির্গমন চলতে পারে আরো শতাব্দীর পর শতাব্দী ধরে।
