২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় আরো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ক্রিমিয়া সঙ্কটের জেরে রাশিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 10:34 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রসহ বিশিষ্ট রুশ কর্মকর্তাদের পাশাপাশি ‘ব্যাংক রোসিয়া’ নামক একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।বিবিসি’র খবরে বলা হয়, ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চল নিয়ে রাশিয়ার ভূমিকায় ক্ষুব্ধ ওবামা বৃহস্পতিবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করেন।

রাশিয়া এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ‘তাদেরকে বুমেরাং এর মতোই আঘাত হানবে’।রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় আছেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর জন ম্যাককেইন, সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রেইড এবং প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার।রাশিয়া ক্রিমিয়াকে নিজ ভূখন্ডে অন্তর্ভুক্ত করে নেয়ার প্রক্রিয়া শেষ করে আনছে এবং ক্রিমিয়ায় শক্তি বাড়িয়েই চলেছে।হোয়াইট হাউসে এক বক্তব্যে ওবামা বলেছেন, ইউক্রেইনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে রাশিয়ার হুমকিতে সঙ্কট জটিল আকার ধারণ করার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে।তিনি বলেন, “আমরা আরো ঊর্ধ্বতন রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি। এর সঙ্গে আজ আমরা রাশিয়ার নেতৃত্বে দৃঢ় সমর্থন এবং প্রভাব থাকা অন্যান্য বেশ কিছু সংখ্যক ব্যক্তিসহ এই সমস্ত ব্যক্তিদেরকে সহায়তাকারী একটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছি”।এর আগে ক্রিমিয়ায় মস্কোর হস্তক্ষেপে জড়িত বেশকিছু রুশ ও ইউক্রেইন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র।এবার সে তালিকা আরো বাড়াল যুক্তরাষ্ট্র।এতে করে এখন পুতিনের আস্থাভাজনরাসহ মোট ২০ রুশ কর্মকর্তা এবং ব্যাংক রোসিয়া নিষেধাজ্ঞার কবলে পড়ল।ওদিকে, ইইউ’ও রাশিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে। ব্রাসেলসে এরই মধ্যে আলোচনায় বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।এ সম্মেলন শুরুর আগেই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইইউ এটি পরিস্কার জানিয়ে দিতে চায় যে, পরিস্থিতির অবনতি হলে তারা রাশিয়ার বিরুদ্ধে যে কোনো সময় নিষেধাজ্ঞা বাড়াবে।ইউক্রেইন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগদানের প্রক্রিয়া শুরুর পর থেকে ক্রিমিয়ার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। রাশিয়াপন্থিরা বুধবার ক্রিমিয়ায় অন্তত দুটি ইউক্রেইন নৌ ঘাঁটি দখল করেছে।ইউক্রেইনের নৌ কমান্ডার শেরি হায়দুককে আটকও করে রুশ সেনারা। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।