রাশিয়ায় নিষেধাজ্ঞা আদতেই কাজে আসবে?
মস্কোর ক্রিমিয়া দখল এবং রাশিয়ায় ক্রিমিয়ার যোগ দেয়ার সিদ্ধান্তের জবাবে ২১ রুশ ও ইউক্রেইন কর্মকর্তার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে শেষ পর্যন্ত ইইউ নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বলছেন বিশ্লেষকরা।
রোববার ক্রিমিয়ায় গণভোটের পর ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) যুক্তরাষ্ট্রও।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্যাঙ্ক ওয়াল্টায় স্টেইমেয়ার বলছেন, শাস্তির পদক্ষেপ হিসাবে নিষেধাজ্ঞা আরোপ করাটা ইইউ এর জন্য ভাল অস্ত্র হলেও রাশিয়ায় এ নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সামান্যই।
অন্যদিকে, আরেক অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাশিয়ার অর্থনীতি এতটাই বিস্তৃত এবং বহুমুখী যে তারা কারো না কারো সহায়তা পাবেই। ফলে গোটা ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার পেছনে দৌড়লেও রাশিয়া একেবারে বিপদে পড়বে না।
বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব যেমন: আফ্রিকা, এশিয়ার দিকে তাকালে দেখা যাবে সেখানে এমন অনেক জায়গাই আছে যেখান থেকে রাশিয়া সহায়তা পাবে এবং অর্থনীতি সচল রাখতে পারবে।
আগামী বৃহস্পতিবার ইইউ নেতারা আরেক দফায় বৈঠকে বসে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়ার জন্য খুব কড়া সঙ্কেত হলেও এ পদক্ষেপ ইইউ’র জন্য মোটেও ঝুঁকিমুক্ত নয়।
কারণ, রাশিয়া ইইউ এর তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। ইইউ দেশগুলোর প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশই সরবরাহ করে রাশিয়া। ফলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে অচল করতে গিয়ে ইইউ নিজেই ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আছে।
বর্তমান পরিস্থিতিতে ইতোমধ্যেই সৃষ্ট উত্তেজনা আরো উত্তেজনার দিকে গিয়ে যাতে তা ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যে সামরিক সংঘাতে রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
