ক্রিমিয়ায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ইউক্রেইনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা চালক বিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র এ খবরের সত্যতা অস্বীকার করেছে।
‘দ্য ওয়াশিংটন টাইমস’ জানায়, ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২,০০০ ফুট উঁচুতে উড়ছিল এবং খালি চোখে দেখা যাওয়ার মতো ছিল না।
কিন্তু জটিল রেডিও-ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মার্কিন নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ‘প্রায় অক্ষত অবস্থায়’ এটিকে ভূপৃষ্ঠে নামিয়ে আনা হয়।
মস্কোভিত্তিক কোম্পানি রোস্তাক এক বিবৃতিতে ড্রোনটির পরিচিতি নাম্বার দিয়ে জানায়, এটি বাভারিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের ৬৬তম গোয়েন্দা ব্রিগেডের ইউভি এমকিউ-৫বি মডেলের ড্রোন ।
কিন্তু এ প্রমাণ দেয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন রাশিয়ার দাবি ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেইনে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর সম্প্রতি ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। আর এ অঞ্চলের ওপর নজরদারি করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ক্রিমিয়ার আকাশে গোয়েন্দা ড্রোন পাঠায়।
