২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমানটি ছিনতাই হয়েছে, তদন্তে সিদ্ধান্ত’

বিমান চালানোয় অভিজ্ঞ এক বা একাধিক ব্যক্তি মালয়শীয় বিমানটি ছিনতাই করেছেন বলে সিদ্ধান্ত টেনেছেন তদন্তকারীরা। ছিনতাইকৃত বিমানটির যোগাযোগ যন্ত্রপাতির স্যুইচ বন্ধ করে দিযে এটিকে অন্যদিকে চালিত করতে বাধ্য করেন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 12:41 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শনিবার তদন্তের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়শীয় সরকারি কর্মকর্তা এসব কথা বলেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

তবে বিমান ছিনতাইয়ের কোনো উদ্দেশ্য ধারণা করা যায়নি এবং এ পর্যন্ত কোনো দাবিও জানানো হয়নি, এছাড়া বিমানটি কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার নয় বলে তিনি মন্তব্য করেছেন।

গণমাধ্যমের কাছে বিষয়টি বলার জন্য দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় তিনি নাম প্রকাশ করেননি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার দাবি, ছিনতাই হওয়ার বিষয়টি ‘ধারণা’ হয়ে থাকবে না।

“এটিই সিদ্ধান্ত” বলেন তিনি।

তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার পেছনে যে সাক্ষ্যগুলো কাজ করেছে তা হল বিমানের যোগাযোগ ব্যবস্থা সচেতনভাবে বন্ধ করে দেয়া হয়েছে তার ইঙ্গিত, বিমানের পথ সম্পর্কিত তথ্য এবং রেডার ফাঁকি দেয়ার জন্য বিমানটি নিচু দিয়ে উড়ে গেছে এমন তথ্য।

৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং রওয়ানা হওয়ার পর এক ঘন্টারও কম সময় বোয়িং ৭৭৭ বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল।

রেডারে তথ্য-উপাত্তের কথা উল্লেখ করে এর আগে মালয়শীয় কর্মকর্তারা বলেছিলেন, বিমানটি সম্ভবত উত্তরপূর্বে বেইজিংয়ের দিকের গতিপথ পরিবর্তন করে পুরো ঘুরে মালয় উপদ্বীপ পার হয়ে গিয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছিলেন, বিমান নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে “মানুষের হস্তক্ষেপের” সম্ভাব্যতার বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাটি “ছিনতাইয়ের ঘটনা” হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি।

অন্যান্য সম্ভাবনাগুলো যাচাই করে দেখা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেছেন, প্রধান সাক্ষ্যগুলোতে মানুষ জড়িত থাকারই ইঙ্গিত মিলেছে।

তিনি বলেন, বোয়িং ৭৭৭’র যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার অনেকক্ষণ পর এর বার্তা প্রেরণ ব্যবস্থা বন্ধ হয়, দুর্ঘটনা ঘটলে দুটি ব্যবস্থার মধ্যে এ ধরনের ফারাক তৈরি হতো না।

মালয়শীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণ চীন সাগরে বিমানটির শেষ নিশ্চিত অবস্থানের পর এটিকে যে দিকে যেভাবে চালিয়ে নেয়া হয়েছে তা একজন অত্যন্ত দক্ষ চালকের পক্ষেই সম্ভব।

বেসামরিক রেডার থেকে বিমানটি হারিয়ে যাওয়ার পর সামরিক রেডারে বিমানটি ধরা পরেছে এটি “৫০ শতাংশেরও বেশি” পরিমাণে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

তবে কী উদ্দেশ্যে কেউ একজন বা কোনো গোষ্ঠী এ ধরনের কাজ করবে তা পরিষ্কার নয়।

বিমানটির দুজন পাইলট, ১০ জন ক্রু ও ২২৭ জন যাত্রীর সবার অতীত জরুরি ভিত্তিতে ভালোভাবে তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদের কেউ কেউ মনে করেন, নিখোঁজ হওয়ার পেছনে পাইলটের আত্মহত্যার আকাঙ্ক্ষাও কারণ হতে পারে। ১৯৯৭ সালে সিঙ্গাপুর থেকে জাকার্তা যাওয়ার সময় সিল্ক এয়ারের একটি ফ্লাইটে এবং ১৯৯৯ সালে ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটে এ ধরণের ঘটনা ঘটেছিল।

বিমানটির খোঁজ পেতে যে জায়গা থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায় দক্ষিণ চীন সাগরের সেই এলাকা থেকে একটি ব্যাপক আন্তর্জাতিক তল্লাশি অভিযান শুরু করা হয়। এখন তল্লাশি এলাকার পরিধি বাড়িয়ে মালয় উপদ্বীপের পশ্চিম পাশে আন্দামান সাগর ও ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

শেষ জানা অবস্থান থেকে হারিয়ে যাওয়ার পর আরো পাঁচ ঘন্টা ওড়ার মতো জ্বালানি ছিল নিখোঁজ বিমানটিতে। এর মানে দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ার বিশাল একটি এলাকা এর আওতার মধ্যে ছিল।

তদন্তকারীরা সংশ্লিষ্ট এলাকার দেশগুলোর রেডার ও উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিমানটির চূড়ান্ত গন্তব্য বের করার চেষ্টা করছেন। এভাবেই বিমানটির শেষ গন্তব্য বের করে এই রহস্যের কিনার করতে চাচ্ছেন তারা।