ইয়েমেনে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৪০
ইয়েমেনে শিয়া মুসলিম এবং সুন্নি আদিবাসীদের মধ্যে তিনদিনের লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে উভয়পক্ষ।
দেশটির উত্তরাঞ্চলে অক্টোবরে ছড়িয়ে পড়া জাতিগত দাঙ্গা ক্রমেই রাজধানী সানার কাছাকাছি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে।২০০৪ সাল থেকে বারবার সরকারি বাহিনীর সঙ্গে লড়ে আসা শিয়া হাউথি আদিবাসীদের অনুগত যোদ্ধারা উত্তর ইয়েমেনে তাদের হাত শক্তিশালী করতে চাইছে। আঞ্চলিক কর্তৃপক্ষের হাতে আরো ক্ষমতা সুসংহত করতে একটি ফেডারেল সিস্টেমের জন্য লড়ছে তারা।শুক্র ও শনিবারের লড়াইয়ে রাজধানী সানার ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বের আল জাওয়াফে লড়াইয়ে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।আর সানার ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হামদান প্রদেশে রোববারের লড়াইয়ে নিহত হয়েছে ১০ জনেরও বেশি মানুষ। দুপক্ষের কর্মকর্তারা একথা জানিয়েছে। লড়াই এখনো চলছে বলে জানান তারা।
