ফেইসবুক, ইউটিউব নিষিদ্ধ করতে পারে তুরস্ক
তুরস্ক ৩০ মার্চের স্থানীয় নির্বাচনের পর ফেইসবুক এবং ইউটিউব নিষিদ্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। রাজনৈতিক প্রতিপক্ষরা এসব নেটওয়ার্কের অপব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন এর সঙ্গে ক্ষমতার লড়াই চলছে এরদোয়ানের। গুলেনের বিরুদ্ধে ইন্টারনেটে একাধিক ‘অতিরঞ্জিত’ রেকর্ডিং প্রকাশের অভিযোগ করেছেন এরদোয়ান।
তিনি ও তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এসব করা হচ্ছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের এটিভি’তে এক সাক্ষাৎকারে অভিযোগ করেন এরদোয়ান।
তিনি বলেন, “এর বিরুদ্ধে যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। আমরা দেশকে এ সমস্ত ইউটিউব আর ফেইসবুকের কব্জায় ছেড়ে দেব না”।
গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ইউটিউব কিংবা ফেইসবুক ব্যবহার করে তুরস্কের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাছাড়া, অতিরঞ্জিত রেকর্ডিং ইন্টারনেটে প্রকাশের ঘটনায়ও গুলেন জড়িত নন বলে দাবি করেছেন।
