২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট আরোহীদের জন্য নিরাপত্তারক্ষী

এভারেস্ট আরোহীদের মধ্যে দ্বন্দ্ব এড়াতে পর্বতটির বেইজ ক্যাম্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 08:41 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

বিবিসির খবরে বলা হয়, বিভিন্ন সময় স্থানীয় শেরপাদের সঙ্গে এমনকি পর্বতারোহীদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার নিরাপত্তা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয়।

গত এপ্রিলে আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এই পর্বতের প্রায় সাড়ে সাত হাজার মিটার ওপরে এক পাহাড়ি এলাকায় শেরপাদের সঙ্গে ইউরোপীয় পর্বতারোহীদের দ্বন্দ্ব হয়।

ওই দ্বন্দ্বের মীমাংসা হলেও কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি পর্বতারোহীর সংখ্যা বেড়ে যাওয়া কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী এপ্রিলে সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত ওই নিরাপত্তা বাহিনী কাজ শুরু করবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দ্বিপেন্দ্র পাড়েল বিবিসিকে বলেন, নেপালের সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ থেকে তিনজন করে সদস্য নিয়ে নয় সদস্যের নিরাপত্তা বাহিনীটি গঠিত হবে। তাদের সহযোগিতায় পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনা বা অন্যান্য বিপদে পড়া পর্বতারোহীদের সহায়তা ও পর্বতারোহনের নিয়ম নীতির প্রয়োগের বিষয় দেখভাল করবে।

১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নরগেই এভারেস্টে আরোহনের পর তিন হাজারেরও বেশি মানুষ পৃথিবীর সর্বোচ্চ এই চূড়ায় আরোহন করেছে।