ইউক্রেনে রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ
ইউক্রেনের রাজধানী কিয়েভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সহিংসতায় অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতা।
মঙ্গলবার বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনডের জবাবে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা। কয়েক ঘন্টার সংঘর্ষে তিন বিক্ষোভকারী নিহত এবং ১শ’ জন আহত হয়।
ইন্ডিপেনডেন্স স্কয়ারের দক্ষিণ-পূর্ব দিকের মেট্রো স্টেশনের সামনে দুটো লাশ এবং রাস্তায় আরো লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে নিহতের খবর নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদেরকে বিক্ষোভের অবসান ঘটানো নতুবা পুলিশের দমনাভিযানের মুখে পড়ার আলটিমেটাম দিয়েছে।
সংবিধান পরিবর্তন নিয়ে পার্লামেন্টে এমপিদের বিতর্কের আগে দিয়ে এ বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে দেড় হাজার কোটি ডলার ঋণ নেয়ার পর থেকে ইউক্রেনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
পরে পার্লামেন্টে বিক্ষোভ বিরোধী বিভিন্ন আইন পাসকে কেন্দ্র করে বিক্ষোভ আরো সহিংসতায় রূপ নেয়।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের নগদ দুইশ কোটি ডলার নেয়ার কারণে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভিক্টর ইউনুকোভিচের ক্ষমতা কমানোর দাবিতে মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে যেতে থাকে। পার্লামেন্টে খসড়া প্রস্তাব পেশ করতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।
পুলিশ মঙ্গলবার পার্লামেন্ট ভবনের প্রবেশ মুখে মিছিলকারীদের বাধা দিলে বিক্ষুব্ধ লোকজন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে এবং পেট্রোল বোমা মেরে কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
দুপুরের পরে সংঘর্ষ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় সরকারি দলের একটি কার্যালয়ে ভাংচুর ও লুটতরাজ চালায় বিরোধীরা। পুড়ে যাওয়া কার্যালয়ে একজনের মৃতদেহ পাওয়া গেছে।
ফেইসবুকে পার্লামেন্টের একজন কর্মকর্তা বলেন, তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইউক্রেনের একটি টিভির খবরে পাঁচ বিক্ষোভকারী আহত হওয়ার কথা বলা হয়েছে। তবে কোনো তথ্যই নিশ্চিত হওয়া যায়নি।
ওদিকে, রাজপথে বিক্ষোভ-সহিংসতার জন্য পশ্চিমা রাজনীতিক ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষকে দায়ী করছে মস্কো।
তবে সরকারবিরোধী এক নেতা বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকারে ছাড় দেয়ার কিংবা সমঝোতার কোনো ইচ্ছা নেই।
